২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান; ২৯ মের মধ্যে দাবি মানতে বলেছেন শ্রমিক নেতারা

গার্মেন্টস শ্রমিকদের দশটি সংগঠন বুধবার শিগগিরই শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছে। শ্রমিকদের চাপা ক্ষোভ পুঁজি করে ‘অদৃশ্য’ গোষ্ঠী গার্মেন্টস কারখানায় আগুন ও হামলার ঘটনা ঘটিয়েছে বলে তারা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো সরকার ও গার্মেন্টস মালিকদের কাছে বর্তমানে প্রচলিত সর্বনিু মাসিক বেতন ৯৬০ টাকার পরিবর্তে সর্বনিু মাসিক বেতন ৩০০০ টাকা নির্ধারণ করে খাতভিত্তিক মজুরি বোর্ড গঠনের প্রস্তাবসহ নতুন পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে।

এর আগে মঙ্গলবার বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে প্রায় ২৫০টি কারখানায় ভাংচুর চালায় এবং ঢাকা, গাজীপুর ও সাভারের কয়েকটি কারখানা ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

রাজধানীর একটি হোটেলে বুধবার একটি জরুরি সংবাদ সম্মেলনে ১০টি শ্রমিক সংগঠনের যৌথ বিবৃতি পাঠ করে শোনানোর সময় অ্যাড. দেলোয়ার হোসেন খান বলেন, মঙ্গলবার দেশ যে সহিংসতা প্রত্যক্ষ করেছে, তা শ্রমিকদের কাজ নয়। অব্যাহত বৈষম্যের শিকার শ্রমিকদের দীর্ঘ দিনের ক্ষোভকে পুঁজি করে অদৃশ্য একটি জনগোষ্ঠী এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

তিনি বলেন, শিল্পখাতে সর্বনিু তিন হাজার টাকা মাসিক মজুরিসহ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এই নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

দেলোয়ার হোসেন শ্রমিক আইন বাস্তবায়নে কতিপয় মালিকের অনিচ্ছার বিষয়টিকে দায়ী করে বলেন, এ বিষয়টি শ্রমিকদের ক্ষোভের আগুনে ইন্ধন জুগিয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশনের মহাসচিব দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবারের বিক্ষোভ চলাকালে আমরা আশুলিয়ায় ছিলাম। আমরা দেখেছি, কালো হেলমেট ও সবুজ টিশার্ট পরা এক দল লোক লোহার রড নিয়ে আকস্মিকভাবে হামলা চালায় এবং বিভিন্ন কারখানায় আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, পুলিশ, বিডিআর ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় নীরব ভূমিকা পালন করে।

১৯৯৪ সালে নির্ধারিত সর্বনিু মাসিক বেতন ৯৬০ টাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত ১২ বছরে জীবনযাপনের ব্যয় অনেক বেড়েছে কিন্তু শ্রমিকদের মজুরির পরিমাণ ১২ বছর আগে যা ছিল, এখনও তাই রয়েছে।

শ্রমিকদের দুঃখ--দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সর্বনিু মজুরি বোর্ড গঠনসহ ২৯ মের মধ্যে আমাদের ১১ দফা দাবি না মানলে আমরা আবার একযোগে আন্দোলন শুরু করব।

শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্যে শ্রমিক সংগঠনগুলো অ্যাপারেল ও নিটওয়্যার নেতাদের প্রতি আহ্বান জানায়। গার্মেন্টস ও নিটওয়্যার মালিক সংগঠনগুলোর ডাকে আলোচনায় বসার ব্যাপারেও তারা তাদের সম্মতি ব্যক্ত করে।

বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস ফেডারেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগ, বাংলাদেশ স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।