অর্থনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ
পোশাক প্রস্তুতকারক ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে অস্থিতিশীল ও নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করে পোশাক খাত ও জাতীয় অর্থনীতি ধ্বংস করার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ হতে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার থেকে দেশের সকল শিল্প ইউনিটের শান্তিপূর্ণ কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জাানান।
ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা বেতন ও অন্যান্য দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন পোশাক কারখানা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও যানবাহনের উপর হামলার ঘটনার পটভূমিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের পোশাক কারখানার কোনো ক্ষতিসাধন করা হলে তা অন্যান্য শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বিধায় কারখানায় ওপর হামলা দেশের অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দেবে।
পরিস্থিতির ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারকে তিরষ্কার করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে দেশের বর্তমান পরিস্থিতিকে নৈরাজ্যমূলক আখ্যায়িত করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু দিনের মধ্যে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কাছে দাবি জানান।
তিনি বলেন, আগামীকাল থেকে আমরা কারখানার কাজকর্ম শুরু করতে চাই। যেকোনো মূল্যে সরকারকে নৈরাজ্যমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনায় বসার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
পোশাক, ফার্মাসিউটিক্যালস ও শোরুমে হামলাকে কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আব্দুল আওয়াল মিন্ট বলেন, দেশের পোশাক কারখানার শ্রমিকদের ৮০ শতাংশ হচ্ছে নারী। কিন্তু হামলার সময় কোনো নারীকে দেখা যায়নি।
আন্তর্জাতিক বণিক সমিতি বাংলাদেশের (আইসিসি--বি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, আমার কাছে মনে হয় না এটি শ্রমিক অসন্তোষ। এটি পোশাক শিল্প ও বাংলাদেশের বিরুদ্ধে সংগঠিত ষড়যন্ত্র।
মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতির (এমসিসিআই) সভাপতি লতিফুর রহমান বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবিদাওয়া এখনও আমরা জানতে পারিনি। তার পরিবর্তে আমরা সহিংসতা দেখছি। একসাথে বসে আলোচনার মাধ্যমে শ্রমিকদের যেকোনে বিতর্ক ও দাবির নিষ্পত্তি করা হবে।
কারখানায় দুইদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় দেশের শিল্পের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে এমসিসিআই সভাপতি মন্তব্য করেন।
এমসিসিআইয়ের সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং, বীমা ও অন্যান্য শিল্প খাত দেশের পোশাক খাতের সাথে সরাসরি জড়িত। পোশাক খাত কোনো সমস্যার মুখোমুখি হলে তার প্রভাব অন্যান্য খাতগুলোর ওপরও পড়বে।
কুতুবুদ্দিন আহমেদ পোশাক কারখানার মালিকপক্ষ, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠন ও অপরাধীদের শাস্তি দিতে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানান।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে তিনি দেশের সকলের প্রতি আহ্বান জানান।
অপরিশোধিত বেতনভাতা ও শ্রমিকের মৃত্যু সম্পর্কিত গণমাধ্যমের প্রতিবেদনকে আব্দুস সালাম মুর্শেদী বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন। উত্তাল পরিস্থিতিতে নিরব ভূমিকার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করেন।
