তৈরি পোশাক খাতের নৈরাজ্যে বহু সরকারি বেসরকারি কর্মসূচি স্থগিত
তৈরি পোশাক খাতের নৈরাজ্যকর পরিস্থিতির কারণে মঙ্গলবার দেশে সরকারি বেসরকারি বহু কার্যক্রম স্থগিত করা হয়।
দ্বিতীয় দিনের মতো ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার গার্মেণ্টস কারাখানাগুলোতে আন্দোলনরত কর্মীদের ভাংচুর অব্যাহত থাকায় অনেক মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যক্রম স্থগিত ছিল।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে মজুরি নির্ধারণ সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও তৈরি পোশাক খাতের পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়।
সাইফুর রহমানের আরও একটি নির্ধারিত বৈঠক ছিল জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে। সে বৈঠকও স্থগিত রাখা হয়েছে।
তৈরি পোশাক শিল্পে সহিংসতা ছড়িয়ে পড়ায় বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সাথে মন্ত্রণালয়ে নারী উদ্যোক্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়নি।
এছাড়া বুধবার ঢাকা নারী সাংবাদিক ফোরামের সাথে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠানের কথা থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছে।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা সাভার, গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় ভাংচুর চালান।
বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ আসে নিটওয়্যার ও ওভেন জাতীয় পণ্য রপ্তানি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ৯৬ শতাংশ পণ্য রপ্তানি হয়। দেশের পোশাক খাতে সরাসরি ২০ লাখ লোক কাজ করছে। তাদের অধিকাংশই নারী।
