তথ্যপ্রযুক্তির মহাসড়কে প্রবেশ করল বাংলাদেশ
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার দীর্ঘ প্রতীক্ষিত এসইএ- এমই- ডব্লিউই- ৪ সাবমেরিন ক্যাবল উদ্বোধন করলেন। কক্সবাজারের জিলংঝায় স্থাপিত ল্যান্ডিং স্টেশনের মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তির মহাসড়কে প্রবেশ করল বাংলাদেশ।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দ্রুত উন্নয়নের লক্ষ্যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত হওয়াটা অপরিহার্য ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।
প্রধানমন্ত্রী বলেন, ক্যাবল সংযোগের মাধ্যমে আন্তর্জাতিক সার্কিটের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ভয়েস ও ডাটা ট্রান্সফার আরও দ্রুত ও উচ্চ মানসম্পন্ন হবে। এতে করে স্বাভাবিকভাবেই সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
তিনি বলেন, সাবমেরিনের ক্যাবলের মাধ্যমে ই- গভর্নেন্স, টেলি- মেডিসিন এবং ই- কমার্স সুবিধা আরও বাড়বে এবং দেশের সফটওয়্যার শিল্পও আরও জোরদার হবে।
খালেদা জিয়া বলেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, এ খাতের দ্রুত উন্নয়নের লক্ষ্যে আমরা তথ্যপ্রযুক্তি নীতি গঠন করেছি। এ নীতির দ্রুত বাস্তবায়নের জন্য দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ দরকার।
টেলিযোগযোগ সেবা সাধারণ জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে সরকার গত কয়েক বছরে সংযোগ ফি এবং কল চার্জ উল্লেখযোগ্য হারে কমিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, ২০০১ সালে দেশে ল্যান্ডফোনের সংখ্যা ছিল ছয় লাখ ৮৫ হাজার। বর্তমান সরকার তা বাড়িয়ে ১২ লাখ ২০ হাজারে উন্নীত করেছে। এর মধ্যে দেশের মোট ২২৭ টি উপজেলাকে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক এক্সচেঞ্জের আওতায় আনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বলেন, ১৬ সদস্যের কনসোর্টিয়ামে যোগ দিয়ে বাংলাদেশ ছয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার সাশ্রয় করেছে।
তিনটি মহাদেশের মধ্য দিয়ে সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত প্রবাহিত ২০ হাজার কিলোমিটার এসইএ- এমই- ডব্লিউই- ৪ সাবমেরিন ক্যাবল প্রকল্প ১৪ দেশকে সংযুক্ত করেছে। বাংলাদেশ ১৬ সদস্যের কনসোর্টিয়ামের সদস্য। সাবমেরিন ক্যাবলের সময়সীমা ১৫ বছর।
এ প্রকল্পের আওতায় কক্সবাজার ও চট্টগ্রামের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের মধ্যে ১৫৬ কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল স্থাপন, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল এক্সচেঞ্জ এবং ব্রডব্যান্ড এক্সেস নেটওয়ার্ক স্থাপনের বিষয়গুলো রয়েছে।
সমুদ্রের তলদেশে স্থাপিত ক্যাবল উদ্বোধনের মাধ্যমে এখন বিটিটিবি সমুদ্র তলের ক্যাবলের সাথে জাতীয় নেটওয়ার্কের সংযোগ স্থাপনে সক্ষম হবে।
সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের ব্যক্তিরা জানান, সমুদ্রের তলদেশের ক্যাবল দ্রুত গতির ডাটা নেটওয়ার্ক সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলবে এবং দেশের সফটওয়্যার উন্নয়ন শিল্প অত্যন্ত কম মূল্যে সুবিধা প্রদানে সক্ষম হবে।
সরকার কবে থেকে রিটার্ন পেতে শুরু করবে এবং যেখানে এ নেটওয়ার্ক আছে সেখানে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সে ব্যাপারে বিটিটিবি ইতোমধ্যে একটি কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই মূলক প্রাথমকি গবেষণা পরিচালনা করছে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ভয়েস ও ডাটা শিল্পে আগামী ২০১০ সালের মধ্যে পাঁচ জিবিপি থেকে জিবিপি চাহিদা রয়েছে। প্রস্তাবিত প্রক্রিয়ায় এ চাহিদা মেটানো সম্ভব। বাড়তি চাহিদা মেটাতে এ খাতে অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হবে।
বিটিটিবি কর্মকর্তারা জানান, বিদেশের সাথে বয়েস ও ডাটা কমিউনিকেশনের উন্নয়নে সাবমেরিন ক্যাবল সহায়ক হবে এবং উচ্চ মানসম্পন্ন আন্তর্জাতিক ফাইবার অপটিক সার্কিটের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে।
