২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের অভিন্ন পর্যটন কেন্দ্র, সরাসরি বিমান যোগাযোগ, বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়ের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার পর্যটন শিল্পের উল্লেখযোগ্য উন্নয়ন এবং নিবিড় সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

কক্সবাজারের হোটেল সীগালে রোববার সার্ক দেশগুলোর পর্যটনমন্ত্রীদের বৈঠক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ইতোপূর্বে পর্যটন খাতে তাদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালকে দক্ষিণ এশিয়া পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিন্ন পর্যটন কেন্দ্র, সরাসরি বিমান যোগাযোগ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং পর্যটন খাতে মানবসম্পদ উন্নয়নে সার্ক অঞ্চলের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ পর্যটনমন্ত্রীদের তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে আরও বেশি নিবেদিত হওয়া উচিত বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, পর্যটন একটি অগ্রাধিকার ভিত্তিক খাত। পর্যটনকে আমাদের শিল্প হিসেবে দেখতে হবে এবং ট্যুরিজম মার্কেটিং এবং মানবসম্পদ উন্নয়নের জোর দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন উন্নয়নের লক্ষ্যে একটি জাতীয় পর্যটন নীতি ঘোষণা করতে হবে।

উদ্বোধনী অধিবেশনে সার্ক দেশভুক্ত পর্যটনমন্ত্রীরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ জলবায়ু, উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য ও সুপ্রাচীণ সভ্যতার কারণে দক্ষিণ এশিয়ায় পর্যটন উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তারা বলেন, পর্যটন একটি শিল্প। এ শিল্পের মাধ্যমে চাকুরির সুযোগ সৃষ্টি, অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয়, দারিদ্র বিমোচন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে লাগসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

ভুটানের জাতীয় পরিবেশ কমিশনের উপমন্ত্রী দাশো নাদো রিনচেন বলেন, পর্যটনের বিশ্ব বাজারে আমাদের অঞ্চলের অংশ গ্রহণ খুব সামান্য। এই বিবেচনায় দুঃখজনকভাবে আমাদের অঞ্চল অনেক পিছিয়ে আছে।

ভারতের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী অম্বিকা সনি বৈঠকে উপস্থিত হননি। তার পক্ষে তার বক্তব্য পড়ে শুনান ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি।

তিনি বলেন, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে পর্যটন একটি প্রধান খাত। অবকাঠামোগত আধুনিকায়ন, ট্রানজিট, বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের অংশ গ্রহণের মাধ্যমে এ খাতের উন্নয়ন জন্য অপরিহার্য।

মালদ্বীপের পর্যটন ও বেসরকারি বিমান পরিবহন বিষয়ক উপমন্ত্রী আব্দুল হামিদ জাকারিয়া বলেন, সার্ক পর্যটন শিল্পে জাতীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে অবকাঠামোগত ঘাটতি রয়েছে।

পাকিস্তানের পর্যটন বিষয়ক ফেডারেল মিনিস্টার নিলুফার বখতিয়ার সার্ক দেশগুলোর পর্যটন শিল্পের বিকাশে প্রতিরক্ষা খাতের বাজেট বরাদ্দ কমিয়ে পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর ব্যাপারে প্রস্তাব রাখেন।

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীর এবং শ্রীলঙ্কার পর্যটন উপমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গাও এ উপলক্ষে বক্তব্য রাখেন।

সার্ক দেশগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের এ ধরনের বৈঠক দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সার্ক দেশের রাজধানীগুলোর মধ্যে বিমান যোগাযোগ, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপন, যৌথ বিনিয়োগ, বাজার এবং বিক্রয় উন্নয়ন এবং ধর্মীয় ও পরিবেশ পর্যটন উন্নয়নের মতো  বিভিন্ন বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।