এশিয়া এনার্জির সাথে চুক্তি নিয়ে পুনরায় আহ্বান জানিয়েছে এফবিসিসিআই
ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) শনিবার এশিয়া এনার্জির সাথে পূর্ণাঙ্গ কয়লা খনি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করতে সরকারকে পরামর্শ দিয়েছে। এফবিসিসিআই- এর বক্তব্য, এ চুক্তি স্বাক্ষরিত হলে দেশের খুব বেশি লাভ হবে না।
এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সাথে শনিবার বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, চুক্তিটি বাংলাদেশকে খুব বেশি লাভ দেবে না। অনুমোদনের অপেক্ষায় থাকা জাতীয় কয়লা নীতির ওপর ভিত্তি করে সরকারের উচিত পুনরায় আলোচনায় বসা।
বাংলাদেশে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্যারি লাই বৈঠকে তার প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন।
দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনিতে অনুসন্ধান ও উন্নতকরণ সংক্রান্ত দুই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেতে লন্ডনভিত্তিক কোম্পানিটি যখন সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে, ঠিক তখনই এফবিসিসিআই সরকারকে এ পরামর্শ দিলো।
সরকার ১৯৯৪ সালে কয়লা খনির ব্যাপারে অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপি বিলিটন লিমিটেডের সাথে চুক্তি করেছিলো। কোম্পানিটি ১৯৯৯ সালে চুক্তির মালিকানা এশিয়া এনার্জি পিএলসি লিমিটেডের কাছে বিক্রি করে দেয়।
চুক্তিটিকে অস্বচ্ছ আখ্যায়িত করে মীর নাসির হোসেন বলেন, চুক্তি অনুযায়ী সরকার ছয় শতাংশ রয়্যালটি পাবে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে ১০ শতাংশের বেশি রয়্যালটির যে নিয়ম অনুসরণ করা হচ্ছে, তার চেয়ে এটি অনেক কম।
তিনি বলেন, ইন্দোনেশীয় সরকার ১৩ শতাংশ রয়্যালটি পেয়ে থাকে।
সীমাহীন রপ্তানি শর্তের কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের মজুদ বেশি নেই। এ ধরনের সীমাহীন রপ্তানির অনুমতি দেওয়ার আগে সরকারকে জ্বালানি নিরাপত্তার ইস্যুটি বিবেচনা করতে হবে।
তিনি বলেন, পরিবেশগত ও পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
বাংলাদেশে এশিয়া এনার্জি করপোরেশনের সিইও গ্যারি লাই বলেন, কয়লা প্রকল্প থেকে বাংলাদেশের লাভবান হওয়ার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। কয়লা যেহেতু জাতীয় প্রয়োজনে ব্যবহার ও রপ্তানি করা যায়, তাই এটা বাংলাদেশের জন্যে উজ্জ্বল সুযোগ।
তিনি বলেন, কয়লা অনুসন্ধানের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে ‘উন্মুক্ত খনি’ পদ্ধতি। এ পদ্ধতি নিরাপদ। প্রত্যেকে উৎপাদনের অগ্রগতি দেখতে পারে। পর্যবেক্ষণ করাও সহজ।
এশিয়া এনার্জির সাথে বৈঠকে এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ি কয়লা খনিতে ৫৭২ মিলিয়ন মেট্রিক টন কয়লার মজুদ রয়েছে বলে জানা গেছে। ৩০ বছরের প্রকল্পে এশিয়া এনার্জি ওপেন পিট কয়লা উৎপাদন পদ্ধতিতে বছরে ১৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উৎপাদনের প্রস্তাব দিয়েছে।
