২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটে কাঁচামাল আমদানির ওপর শুল্ক হ্রাস করতে অর্থনীতিবিদদের দাবি

দেশের অর্থনীতিবিদরা পরবর্তী অর্থবছরের জন্যে বিনিয়োগ প্রবাহ বাড়াতে আগামী বাজেটে যুক্তিসঙ্গত শুল্ক কাঠামো ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানির ওপর আরোপিত শুল্ক হ্রাস করতে সরকারকে পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

কয়েকটি ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে দেশের অর্থনীতিবিদরা সব ধরনের মূলধনী যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওপর শুল্কের সমান অবস্থা আনার সুপারিশ করেছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিডস) গবেষণা পরিচালক জাইদ বখত বিডিনিউজকে বলেন, বিশ্বব্যাংকের মতো বহুজাতিক দাতাগোষ্ঠীর শর্ত পূরণ করতে সরকারকে শুল্ক কাঠামোর ক্ষেত্রে আরো উদার হতে হবে। কাঁচামালের ওপর শুল্ক হ্রাস সরকারকে দাতাদের শর্তাবলী পূরণ করতে এবং শিল্পক্ষেত্রের প্রবৃদ্ধি আনতে সহায়তা করবে।

তিনি বলেন, প্রস্তুত পণ্যের ওপর আরোপিত শুল্ক অপরিবর্তিত রেখেই সরকারকে কাঁচামাল আমদানির ওপর শুল্ক হ্রাস করতে হবে।

মূলধনী যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওপর আরোপিত শুল্ক কাঠামোর মধ্যে বৈষম্যের কথা উল্লেখ করে জাইদ বখত বলেন, সরকারকে বিষয়টি বিবেচনা করা উচিত।

তিনি বলেন, এ ধরনের বৈষম্য দূর করতে মূলধনী যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক দুই দশমিক পাঁচ শতাংশ রাখা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে বলে তিনি জানান।

আগামী ২০০৬ - ’০৭  অর্থবছরের বাজেটে মৌলিক শিল্প কাঁচামালের আমদানির ওপর আরোপিত শুল্ক কমিয়ে ছয় শতাংশ থেকে আড়াই শতাংশ করতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ইতোমধ্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

মাধ্যমিক পণ্যের ওপর শুল্ক সাড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ১২ শতাংশ করতে ও কাঁচামাল আমদানির ওপর অবকাঠামোগত উন্নয়ন অধিশুল্ক বাতিল করতে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, শিল্প কাঁচামালের ওপর শুল্ক নীতিগতভাবে হ্রাস করা হলে তা প্রস্তুত খাতকে প্রতিযোগিতাশীল সুবিধা অর্জন করতে সহায়তা করবে।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে বিনিয়োগের ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা যাচ্ছে। কাঁচামাল আমদানির ওপর শুল্ক হ্রাস করা হলে বিনিয়োগের প্রবাহ আরো ত্বরান্বিত হবে।

তবে খন্দকার মোয়াজ্জেম মাধ্যমিক পণ্যের ওপর শুল্ক হ্রাসের ক্ষেত্রে সতর্ক হতে সরকারকে পরামর্শ দেন।

তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাময় রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় মাধ্যমিক পণ্যের ওপর আরোপিত শুল্ক  হ্রাস সুবিধাজনক হবে না।

তিনি আরো বলেন, দেশীয় শিল্পগুলোর যে খাতে ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে সে খাতে শুল্ক হ্রাসের অনুমতি দেওয়া ঠিক হবে না।