নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আগামী মাসের মধ্যে কমবে বলে হাফিজ উদ্দিনের আশা প্রকাশ
বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আশা প্রকাশ করেছেন, আগামী মাসের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমতে শুরু করবে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই বিষয়ক টাস্কফোর্সের সাথে বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন বিভাগ ও ব্যবসায়ী মহলের সাথে আলোচনার মাধ্যমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার একটি কৌশল গ্রহণের চেষ্টা চলছে।
তবে মূল্য নিয়ন্ত্রণে কী কৌশল নেয়া হচ্ছে-- এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।
বাণিজ্য সচিব আবুদল করিম, এফবিসিসিআই সভাপতি, টাস্কফোর্সের সদস্যবৃন্দ এবং পুলিশ, বিডিআরসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
হাফিজ উদ্দিন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়।
তিনি জানান, বৈঠকে টাস্কফোর্স সদস্যরা বর্তমান বাজার পরিস্থিতির ওপর তাদের মতামত তুলে ধরেছেন।
