২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটওয়্যার শিল্পের জন্যে জুলাই থেকে উৎপাদনশীলতা সেবা শাখা খুলবে বিকেএমইএ

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নিটওয়্যার শিল্পের উৎপাদনশীলতার মানোন্নয়ন ঘটাতে চলতি বছরের জুলাই থেকে উৎপাদনশীলতা সেবা শাখা খুলতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

‘উৎপাদনশীলতার মানোন্নয়নের মাধ্যমে নিটওয়্যার খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে বিকেএমইএ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানা গেছে।

বিকেএমইএ সূত্র জানায়, ইইউ এক বছরের জন্যে সেবা শাখা পরিচালনার করতে বিকেএমইএকে আর্থিক সহায়তা দেবে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, উৎপাদনশীলতার মানোন্নয়নের জন্যে আমাদের সদস্যদের সেবা দিতে আমরা একটি শাখা খুলবো। এ প্রকল্পের আওতায় বিকেএমইএ নিটওয়্যার শিল্পের উৎপাদনশীলতার জন্যে একটি নির্দেশনা প্রণয়ন করবো।

সূত্র জানায়, উৎপাদনশীলতা বিশেষজ্ঞ হিসেবে দক্ষ করে তোলার জন্যে ৩০ জনেরও বেশি লোককে ছয় মাসের জন্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত লোকের অর্ধেকের বেশি উৎপাদনশীলতা শাখায় ও অবশিষ্টরা নিটওয়্যার শিল্পে যোগদান করবে।

সূত্র জানায়, উৎপাদনশীলতা সেবা দেওয়ার জন্যে বিকেএমইএ’র সেবা শাখা নিটওয়্যার শিল্পের সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে চার্জ গ্রহণ করবে।

এক বছরের প্রকল্পটি শেষ হয়ে যাওয়ার পর বিকেএমইএ সদস্যদের কাছ থেকে সেবা মূল্য গ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা শাখা পরিচালনা করবে।

কয়েকজন নিটওয়্যার শিল্পোদ্যোক্তা উৎপাদনশীলতা শাখার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, প্রতিযোগিতা বৃদ্ধির জন্যে নিটওয়্যার শিল্পকে তাদের উৎপাদনশীলতার বিষয়টি বিবেচনা করতে হবে।

তারা বলেন, দেশের কোনো কোম্পানির কাছ থেকে উৎপাদনশীলতার মানোন্নয়ন সংক্রান্ত সেবা গ্রহণের কোনো সুযোগ নিটওয়্যার শিল্পের নেই। তবে বিদেশী কিছু প্রতিষ্ঠান এ ধরনের সেবা দিয়ে থাকলেও তারা এর জন্যে অনেক বেশি অর্থ নিয়ে থাকে।