২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক শিল্পের সম্ভাবনা উজ্জ্বল: সেমিনারে বিপিজিএমইএ নেতৃবৃন্দ

প্লাস্টিক সামগ্রী উৎপাদনের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে আত্মঘাতী অভিহিত করে রাজধানীতে বুধবার অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, দেশে প্লাস্টিক সামগ্রীর রপ্তানি ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে । আর এ খাতে প্রতি বছর আয় হয় ৬০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) মিলনায়তনে বুধবার বাংলাদেশ প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) আয়োজিত ‘বাংলাদেশে প্লাস্টিক শিল্প: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বিপিজিএমইএ’র সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, মনিরুল হক চৌধুরী এমপি, কাজী মোঃ আনোয়ার হোসেন এমপি, কলিমউদ্দিন আহমেদ মিলন এমপি, গাজী মোঃ শাহজাহান এমপি, শাহ নুরুল কবীর শাহিন এমপি এবং মশিউর রহমান রাঙ্গা এমপি।

সেমিনারে উপস্থিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ, অর্থ ও পরিকল্পনা, পরিবেশ ও বন এবং বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্য।

পরিবেশের ওপর প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারীরা বলেন, রাজধানীতে বর্তমানে প্লাস্টিক বর্জ্যরে ৭০ শতাংশ পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নীতি গ্রহণ ও মেনে চললে শতভাগ বর্জ্যকে পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা যাবে। আর এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না।

প্লাস্টিক সামগ্রীর উৎপাদন বন্ধ করে দেওয়ার শর্ত হিসেবে সরকার ক্ষতিপূরণ প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাননি বলে প্রস্তুতকারীরা দাবি করেন।