জার্মানীর বাণিজ্য প্রতিনিধি দল ২০-২৬ মে বাংলাদেশ সফরে আসছে
জার্মানির কেন্দ্রীয় অর্থ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় সেদেশের একটি বাণিজ্য ও বিণিয়োগ প্রতিনিধি দল ২০ থেকে ২৬ মে বাংলাদেশ সফর করবে।
ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ফ্রাংক মেয়েকি বিডিনিউজকে বলেন, বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট সহযোগিতার সাম্ভব্যতা যাচাই ও ব্যাখ্যা ওই সফরের উদ্দেশ্য।
১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে পাট, তৈরি পোশাক, যন্ত্রাংশ, কারিগরি, প্যাকিং শিল্প, বায়ো ডিজেল প্লান্ট, কৃষি পণ্য ও আইনী প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা থাকবেন।
বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠান ‘উইলহাম জি ক্লাসেন’র সত্বাধিকারী পিটার ক্লাসেন জার্মান বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছাড়াও প্রতিনিধি দলটি ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন বাণিজ্য সংগঠন ও বেসরকারি কোম্পানির প্রতিনিধিদের সাথে দেখা করবে।
তারা ঢাকা ও চট্রগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)সহ চট্রগ্রাম বন্দর পরিদর্শন করবে।
২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশ ও জার্মানির পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ছিলো ১ দশমিক ৬১ বিলিয়ন ইউএস ডলার, বিপরীতে গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিলো ১ দমমিক ৪৯ বিলিয়ন ডলার।
