বিদ্যুৎ খাতে প্রতিবন্ধকতার জন্য দাতাদের তহবিল ছাড় না করাই দায়ী: জ্বালানি প্রতিমন্ত্রী
জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদেশি সাহায্যের ওপর বিদ্যুৎ খাতের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। দাতাসংস্থা কর্তৃক তহবিল ছাড় না করায় এ খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দাতারা সময়মতো তহবিল ছাড় না করায়, বিশেষত এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্ব ব্যাংকের (ডব্লিউবি) তহবিল না পাওয়ায় এবং দরপত্র প্রক্রিয়া ও দরপত্র অনুমোদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিলম্বের কারণে বিদ্যুৎ খাতের উন্নয়নে সমস্যার সৃষ্টি হয়েছে।
নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মেলন কক্ষে সোমবার বিদ্যুৎ পরিস্থিতি ও বর্তমান সরকারের সাড়ে চার বছরে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী এ সব কথা বলেন।
গত সাড়ে চার বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করার ব্যাপারে সরকার কোনো দৃঢ় পদক্ষেপ নিয়েছে কি না -- বিদ্যুত প্রতিমন্ত্রী তা জানাতে ব্যর্থ হন।
২০০২ সালে একই সম্মেলন কক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি ভোক্তাদের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু জানা গেছে, সাড়ে চার বছরে টঙ্গি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডে মাত্র ৮০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়।
এর আগে বিদ্যুৎ বিভাগের সচিব এএনএইচ আখতার হোসেন দেখান, চলতি বছরে পিক আওয়ারে সর্বোচ্চ লোড শেডিং হয় এক হাজার ২৫৯ মেগাওয়াট। ২০০৭ সালে তা হবে এক হাজার ৬২৪ এবং ২০০৮ সালে এক হাজার ৪৩০ মেগাওয়াট।
তিনি বিদ্যুৎ উৎপাদনে সরকারের দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী প্রকল্পগুলোর কতা উল্লেখ করেন। সেগুলোর তহবিল ও দরপত্র প্রক্রিয়ার ব্যাপারে এখনো সময় নির্ধারণ করা হয়নি।
ঠিক একইভাবে ২০০২ সালে পিআইডি’র এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু এখনো এ সব প্রতিশ্রুতির কোনোটাই বাস্তবায়িত হয়নি।
বিদ্যুৎ সঙ্কট নিরসনে আরো প্রায় ৩৬০ মেগাওয়াট বিদুৎ উৎপাদনে আট নয় মাসের মধ্যে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এসব প্রকল্পের মধ্যে দু সপ্তাহ ধরে অনুমোদনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়ে আছে এবং পাঁচটি আটকে আছে দরপত্র প্রক্রিয়ার জটিলতায়।
বিদ্যুৎ খাতে দুর্নীতি প্রসঙ্গে এডিবি এবং ডব্লিউবি’র বক্তব্য তুলে ধরে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী ইকবাল হাসান বলেন, আমি দাতা সংস্থাগুলোকে এ ব্যাপারে আমাকে জানাতে বলেছি। কিন্তু তারা তা করেনি। তারা আমাকে জানালে আমি অবশ্যই পদক্ষেপ নিতাম।
বিদ্যুৎ শুল্কের উচ্চ হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিস্টেম লস কমাতে, কিছু কর্মচারীর বিদ্যুৎ বিতরণে দুর্নীতি বন্ধে, মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং লোকসান বন্ধে এ খাতে শুল্ক বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই।
সংবাদ সম্মেলনে পিডিবি’র চেয়ারম্যান এএনএম রিজোয়ানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
