প্রস্তাবিত ‘ইকনোমিক জোনে’ স্থানীয় বিনিয়োগকারীরাও সমান সুবিধা ভোগ করবে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, বিদেশি কোম্পানিগুলো ইপিজেডে যে সুবিধা ভোগ করে, প্রস্তাবিত ‘ইকনোমিক জোনে’ স্থানীয় ব্যাবসায়ীরাও একই রকম সুবিধা পাবে।
সাইফুর রহমান বলেন, ‘দেশে আর কোন ইপিজেড স্থাপনের সম্ভবনা নাই, কিন্তু আমরা ‘ইকনোমিক জোন’ স্থাপন করতে যাচ্ছি, যেখানে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে।
নগরীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত প্রাক বাজেট পরামর্শ বৈঠকে তিনি ব্যবসায়ীদের এ কথা বলেন।
সাইফুর বলেন, প্রস্তাবিত ইকনোমিক জোনটি দ্রুত স্থাপন করা হবে এবং বিদেশি বিনিয়োগকারীরা ইপিজেডে যে সুবিধা ভোগ করে, স্থানীয় ব্যাবসায়ীদেরও একই রকম সুবিধার প্রস্তাব দেওয়া হবে।
কিছু বিদেশি কোম্পানি মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেওয়ার ফলে দেশের মুদ্রা বাজারের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলেও মন্ত্রী মত প্রকাশ করেন।
‘বাংলাদেশকে টেলিফোন কোম্পানিগুলোর জন্য স্বর্ণখনি’ উল্লেখ করে তিনি বলেন, বিদেশি কোম্পানি টেলিনর বাংলাদেশ থেকে যা আয় করেছে, তার নিজের দেশ থেকেও সে পরিমাণ অর্থ আয় করতে পারেনি।
টেলিনর দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের অধিকাংশ শেয়ারের মালিক।
