২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ’র ক্র্যাশ কর্মসূচি পরিদর্শক দলের আরো ২০৯টি কারখানা পরিদর্শন

অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ এবং গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিন মাসব্যাপী ক্র্যাশ কর্মসূচির অংশ হিসেবে ৪ - ১০ মে পর্যন্ত সময়ে বিজিএমইএ’র পরিদর্শক দল আরো ২০৯ টি কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শন চলাকালে ঢাকায় একটি কারখানার জরুরী বর্হিগমন পথ বন্ধ পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এ সময়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিদর্শক দল ঢাকা মহনগর এলাকায় ৯৮টি এবং চট্রগ্রামে ৩৮টি কারখানায় অগ্নিসচেতনতা মহড়া চালায়।

বিজিএমইএ সহ - সভাপতি শাহাদত হোসেন চৌধুরী শনিবার বিডিনিউজকে বলেন, প্রতি তিন সপ্তাহ অন্তর পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী ক্র্যাশ কর্মসূচীর কারণে গার্মেন্টস মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে। যার ফলে জরুরী বর্হিগমন পথ বন্ধ থাকা কারখানার সংখ্যা প্রতি সপ্তাহে কমছে।

তিনি আরো বলেন, জরুরী নির্গমন পথ নেই এমন ৫৩টি কারখানার বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। 

পরিদর্শনকৃত ২০৯টি কারখানার মধ্যে কাজ চলাকালে দুটি কারখানার জরুরী বহির্গমন পথ তালাবদ্ধ পাওয়া যায়। বিজিএমইএ বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হয়েছে।

একটি কারখানায় চলাচলের পথে প্রতিবন্ধকতা পাওয়া যায়। যে কারণে কারখানাটিকে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে।

ঢাকায় বিজিএমইএ’র ১০টি পরিদর্শক দল এবং চট্টগ্রামে তিনটি পরিদর্শক দল সংস্থার নিরাপত্তা, শ্রম ও কমপ্লায়েন্স সেলের কর্মকর্তাদের সাথে নিয়ে ১ এপ্রিল থেকে সদস্য কারখানাগুলো পরিদর্শন কাজ শুরু করে।

পরিদর্শক দল অগ্নি ও নিরাপত্তা ব্যাবস্থাসহ বিকল্প বহির্গমন পথের প্রশস্ততা, অগ্নিনির্বাপন যন্ত্রের সংখ্যা, হোসপাইপ, বালতি ও ড্রাম এবং অগ্নি নিরাপত্তা বিষয়ে গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়গুলো পর্যবেক্ষণ করে।

গার্মেন্টস কারখানাগুলোতে অব্যাহত দুর্ঘটনার কারণে দেশ ও দেশের বাইরে কারখানা মালিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষিতে বিজিএমইএ ওই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে।