শুকনা মরিচের দাম এক মাসে বেড়েছে দ্বিগুন, চা, শিশুখাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের দাম বাড়ছে
ঢাকার বাজারে গত এক মাসে শুকনা মরিচের দাম দুইগুন বেড়েছে। এখন প্রতি কেজি মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্য বিদ্যমান রয়েছে। নতুন করে চা, শিশুখাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্য এবং প্যাকেটজাত পণ্যের দাম বাড়ছে।
শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শুকনা মরিচের দাম গত চার দিনে কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে। অথচ গত মাসের মাঝামাঝিতে এক কেজি শুকনা মরিচ বিক্রি হয়েছে ৫০ টাকায়। শুকনা মরিচের পাশাপাশি কাঁচা মরিচের দামও বাজারে অস্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে শুকনা মরিচ ও মশলা বিক্রেতা শাকিল শুক্রবার বলেন, কোনো কারণ ছাড়াই গত এক মাসে শুকনা মরিচের দাম দফায় দফায় বেড়ে দ্বিগুন হয়েছে। মূলত মজুদদারির কারনে এভাবে হঠাৎ করে দাম বেড়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, পাইকারি বাজারে শুক্রবার কেজি প্রতি শুকনা মরিচের দাম ছিল ৮৫ টাকা।
নবনিযুক্ত বানিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরও মরিচের বাজারে নতুন করে মজুদদারির প্রভাব দেখা যাচ্ছে। পাশাপাশি চিনি ও ডালের দাম হ্রাসের তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।
অন্যদিকে ঢাকার বাজারে চায়ের মূল্য কেজি প্রতি প্রায় ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সঙ্গে নেসলের বিভিন্ন ধরণের দুগ্ধজাত শিশুখাদ্য প্যাকেট প্রতি বেড়েছে ৫ টাকা।
পেপসি ও কোকাকোলা কোম্পানির বিভিন্ন ধরনের পানীয় আধ লিটারের বোতলের দাম বেড়েছে দুই টাকা। এছাড়া কিছু কোম্পানির ভোগ্যপণ্যের দাম- যেমন প্রাণের সসের বোতলের দাম ৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়।
ঢাকার ধানমন্ডির এক বিপণী বিতানের বিক্রেতা নোমান বলেন, ইস্পাহানির ৪০০ গ্রাম প্যাকেটের চায়ের দাম বৃহস্পতিবার ৫৯ টাকা থেকে ৫ টাকা বেড়ে ৬৪ টাকা এবং ২০০ গ্রাম প্যাকেটের দাম ৩ টাকা বেড়ে ৩৪ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন কাঁচাপণ্যেরে দাম তুলনামূলক একই থাকলেও আলুর দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। শুক্রবার আলুর দাম ছিল কেজি প্রতি ১৬ থেকে ১৭ টাকা। প্রতি কেজি বেগুন ১৪ টাকায়, করলা ১০ টাকায়, টমেটো ১৮--২০ টাকায় বিক্রি হয়েছে।
তবে চলতি বছরের শুরু থেকে মুরগির মাংসের দাম অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। পুরো মার্চ এবং এপ্রিল মাস জুড়ে কেজি প্রতি ৯০ টাকা দরে বিক্রি হলেও চলতি মে মাসের শুরু থেকে দাম কিছুটা হ্রাস পেয়ে এখন ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম হ্রাস পায়নি।
বাজারে নতুন ধান ও চাল উঠলেও এখন চালের দাম তেমন হ্রাস পাওয়ার লক্ষণ দেখা যায়নি। তবে মোহাম্মদপুর কৃষি বাজারের চাল বিক্রেতা হরিপদ সাহা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে চালের বাজার দাম নিধারণ করা হবে।
