২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তান উভয় সরকারের অবহেলার কারণে আগামী বছরের মধ্যে দুদেশের মধ্যেকার বাণিজ্যের পরিমান এক বিলিয়ন ডলারে উন্নীত করা অনিশ্চিত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আগামী বছরের মধ্যে এক বিলিয়ন ডলারের আন্তঃবাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে প্রস্তাবিত যৌথ কমিটি গঠনে কোনরকম অগ্রগতি নেই বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জনৈক কর্মকর্তা বিডিনিউজকে জানান।

তিনি আরও জানান বিগত নয় মাস ধরে উভয় দেশ শুধুমাত্র আমদানী ও রপ্তানীযোগ্য পণ্যের তালিকা চালাচালি করে আসছে।

২০০৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনীতি কমিশনের একটি সভায় দুদেশের বাণিজ্যের পরিমান ২০০৭ সালের মধ্যে ২০ কোটি মার্কিন ডলার থেকে এক বিলিয়ন/একশ’ কোটি মার্কিন ডলারে উন্নীত করার যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি যৌথ কার্যকরী কমিটি ২০০৫ সালের ডিসেম্বরে এবং চলতি বছরের জুলাই মাসে আলোচনায় বসে বাণিজ্যের পরিমান বৃদ্ধির সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা ছিল। কিন্তু গত ডিসেম্বর মাসে বাণিজ্য যোগ্য পণ্যের তালিকা চালাচালি ছাড়া আর কিছুই হয়নি।

এ ব্যাপারে ইআরডি’র প্রস্তুতির কথা জিজ্ঞেস করা হলে সংশ্লিষ্ট ইআরডি কর্মকর্তা জানান যৌথ বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিল সম্পন্ন করার জন্য যেসব তথ্য ও আধুনিক সুবিধাদি প্রয়োজন, তা ইআরডি’র নেই। তিনি আরও জানান, একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ই এ ব্যাপারে সুষ্ঠু কোন পদক্ষেপ নিতে পারে।

ইআরডি বর্তমান অচলাবস্থা কাটিয়ে উঠতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। আগামী জুন মাসে পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবার কথা রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনীতি কমিশন তাদের সবায় উভয় দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা, টেক্সাটাইল, পাটগত দ্রব্য, ইলেকট্রনিক্স এবং আলোক প্রকৌশল, চামড়া শিল্প, কৃষি নির্ভর শিল্প, কৃষি উৎপাদনের যন্ত্রপাতি ও পর্যটন খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

মৎস্য ও পশু সম্পদ খাতে পারস্পরিক উন্নয়নসহ বাংলাদেশকে তুলা ও গম শিল্পের ক্ষেত্রে পাকিস্তানের প্রযুক্তিগত সাহায্য করার সিদ্ধান্তও এই বৈঠকে নেওয়া হয়েছিল। সেই খাতে দুদেশের মধ্যে নৌ সম্পর্কও গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া উভয় দেশের বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি কমিটি গঠনের প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত এসবের কিছুই করা হয়নি।