তুরস্কের টেক্সটাইল মালিকরা বাংলাদেশে শিল্প ইউনিট স্থানান্তরে আগ্রহী
তুরস্কের টেক্সটাইল উদ্যোক্তারা স্বল্প উৎপাদন খরচের সুবিধা নিতে বাংলাদেশে শিল্প ইউনিট স্থানান্তরের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। শিল্প সূত্রে এ খবর জানা যায়।
তুরস্কের ডাইং-প্রিন্টিং-ফিনিশিং এসোসিয়েশনের ২০ সদস্যের প্রতিনিধিদল বিনিয়োগ সুযোগ পরীক্ষা করতে চলতি মে মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসছেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি তুরস্ক সফর করা বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান এমএ আওয়াল বার্তা সংস্থা বিডিনিউজকে বলেন, বাংলাদেশের চেয়ে তুরস্কে উৎপাদন খরচ বেশি হওয়ায় সেখান থেকে শিল্প ইউনিট স্থানান্তর করে বাংলাদেশে নিয়ে আসতে তারা আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, তুরস্কের টেক্সটাইল প্রস্তুতকারীরা এখন মূল্যসাশ্রয়ী বিনিয়োগ গন্তব্য খুঁজছে। তুরস্কের বিনিয়োগকারীদের প্রচুর প্রস্তুতকারী ইউনিট রয়েছে। এসব ইউনিট স্থানান্তরের ফলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে।
বিটিএমএ সভাপতি বলেন, বাংলাদেশ-তুরস্ক বিনিয়োগ ফোরাম চলতি বছরের জুলাই মাসে গঠন করা হবে। সেপ্টেম্বরের মধ্যে তুরস্কের টেক্সটাইল এমপ্লয়ার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।
