ল্যান্ডফোন সংযোগে বিটিআরসি’র দরপত্র প্রক্রিয়া স্থগিতে হাইকোর্টের আদেশ
হাইকোর্ট রোববার ঢাকায় ল্যান্ডফোন সংযোগ প্রদানে চারটি কোম্পানিকে লাইসেন্স সরবরাহে বিটিআরসি’র দরপত্র প্রক্রিয়া দু মাসের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছেন।
সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. খন্দকার এম সাব্বিরের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আদেশে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দরপত্র প্রক্রিয়াকে কেন অবৈধ ও পক্ষপাতদুষ্ট ঘোষণা করা হবে না সে ব্যাপারে চার সপ্তাহের মধ্যে সরকারকে কারণ দর্শাতে বলা হয়।
ডাক ও টেলিযোগাযোগ, অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের এবং বিটিআরসি’র চেয়ারম্যানের প্রতি হাইকোর্টের এ আদেশ জারি করা হয়েছে।
বিটিআরসি কর্তৃপক্ষ ২৩ মার্চ শর্তসাপেক্ষে দরপত্র আহ্বান করে। দরপত্রের শর্ত অনুযায়ী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক থাকায় ঢাকায় ল্যান্ডফোন স্থাপনে ওই টেলিফোন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
জনস্বার্থে অ্যাড. খন্দকার এম সাব্বির হাইকোর্টে দায়ের করা রিট আবেদনে উল্লেখ করেন, বিটিআরসি ওই চারটি কোম্পানির জন্যই দরপত্র আহ্বান করে। কোম্পানিগুলো হচ্ছে, র্যাংস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, টেলিবার্তা (যুবক) লিমিটেড এবং ঢাকা টেলিফোন লিমিটেড। অন্য কোম্পানিগুলোকে বঞ্চিত করে ঢাকা জোনে ল্যান্ডফোন স্থাপনে কেবল এ কোম্পানিগুলোকে দরপত্রে অংশ গ্রহণের সুযোগ করে দেওয়া অবৈধ হবে বলে আবেদনে তিনি উল্লেখ করেন।
রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
