বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে দীর্ঘসূত্রিতায় বিশ্ব ব্যাংকের উদ্বেগ
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের দীর্ঘসূত্রিতায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।
সরকারের সহযোগিতার আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব ব্যাংক ২০০৪ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে যৌথভাবে বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বসানের প্রয়োজনীয়তা নির্ধারণের লক্ষ্যে একটি ফ্লাড রেসপন্স টিম গঠন করে।
পরবর্তীতে ২০০৫ সালের মার্চে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) বিশেষ ছাড় সুবিধায় বন্যা পরবর্তী পুনর্বাসন সহযোগিতা কর্মসূচিতে বিদ্যমান পাঁচটি ক্রেডিট থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পুনরায় বরাদ্দ দানের ব্যাপারে সম্মত হয়। বন্যা কবলিত জনগণ, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়।
বিশ্ব ব্যাংক জানায়, বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও বাস্তবায়নকারী সংস্থাগুলো যথাসময়ে তাদের দায়িত্ব পালনে জটিলতার মুখোমুখি হয়।
২০০৬ সালের মার্চে বিশ্ব ব্যাংক কর্মসূচির পুনর্মূল্যায়ন এবং কার্যক্রমে দীর্ঘসূত্রিতায় উদ্বেগ প্রকাশ করে বলে বিশ্ব ব্যাংক জানায়।
বিশ্বব্যাংকের কর্মকর্তা জানান, বিশ্ব ব্যাংক টিমের পুনর্মূূল্যায়নের শেষ হয়ে যাওয়ার পর সরকার এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর কার্যক্রমে গতি এসেছে বলে মনে হয়। কর্মসূচির বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন করে জরুরি পদক্ষেপ নেয়া হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের ভূখ-ের ভেতর দিয়ে ২৩০টির মতো নদী প্রবাহিত হওয়ায় বন্যার কারণে দেশটি এখনও বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে।
২০০৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ মারাত্মক বন্যা পরিস্থিতির শিকার হয়।
