২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা, এশিয়া এনার্জির সাথে চুক্তি না করতে সরকারের প্রতি গণমুক্তির আহ্বান

দেশের জ্বালানি সম্পদ রক্ষায় টাটা ও এশিয়া এনার্জির সাথে চুক্তি না করতে গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তারা আশঙ্কা ব্যক্ত করে বলেন, তাদের সাথে যদি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে দেশের প্রাকৃতিক সম্পদ পাচার হওয়ার সুযোগ রয়েছে। যা আমাদের জ্বালানি নিরাপত্তার জন্যে হুমকিস্বরুপ।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বাম দলগুলোর নেতারা বলেন, এশিয়া এনার্জির সাথে মাত্র ছয় শতাংশ রয়্যালটি নিয়ে চুক্তি করা হয়েছে। এতে কয়লা উত্তোলন ও রপ্তানি করে তাদের পুজি উঠে আসলেও দেশের জন্যে হবে সর্বনাশ।

বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, টাটার প্রস্তাব অনুসারে তাদেরকে ১০ থেকে ১৫ বছর নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করতে হবে। সেইসাথে তাদেরকে ‘কর অবকাশ’ ও যন্ত্রপাতি আমদানির কর মওকুফ করতে হবে। এর ফলে আমাদের দেশ চরম গ্যাস সঙ্কটে পড়বে।

সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপি--জামাত জোট সরকারের বিদ্যুত, পানি, গ্যাস, জ্বলানি তেলের চাহিদা পূরণে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধে ব্যর্থতার অভিযোগ করেন।

তিনি জোট সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন, পরবর্তী নির্বাচনে তারা জনগণকে কি আশ্বান দেবেন?

আবারো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ইঙ্গিত ও সিস্টেম লস কমানোর ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করে তারা সরকারের কঠোর সমালোচনা করেন।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাসদের বজলুর রশীদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তারা জ্বালানি খাতে দেশের সৎ বিশেষজ্ঞদের কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন টাটা ও এশিয়া এনার্জির সাথে  চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে তারা ১১ মে সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।