২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ’র ক্র্যাশ কর্মসূচি পরিদর্শক দলের আরো ২২৭টি কারখানা পরিদর্শন

অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ এবং গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তিন মাসব্যাপী ক্র্যাশ কর্মসূচির অংশ হিসেবে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিজিএমইএ’র পরিদর্শক দল আরো ২২৭টি কারখানা পরিদর্শন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পরিদর্শন চলাকালে দুটি ছাড়া কোনো কারখানার জরুরি বর্হিগমন পথ বন্ধ পাওয়া যায়নি।

এই সময়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এই দল ঢাকা মহনগর এলাকায় ১৩৭টি কারখানায় অগ্নিসচেতনতা মহড়া চালায়।

পরিদর্শনকৃত ২২৭টি কারখানার মধ্যে কাজ চলাকালে দুটি কারখানার জরুরি বহির্গমন পথ তালাবদ্ধ পাওয়া যায়। এ ছাড়া চারটি কারখানায় চলাচলের পথে প্রতিবন্ধকতা পাওয়া যায় এবং তাদের প্রতি কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে।

ঢাকায় বিজিএমইএ’র ১০টি পরিদর্শক দল এবং চট্টগ্রামে তিনটি পরিদর্শক দল সংস্থার নিরাপত্তা, শ্রম ও কমপ্লায়েন্স সেলের কর্মকর্তাদের সাথে নিয়ে ১ এপ্রিল থেকে সদস্য কারখানাগুলো পরিদর্শন কাজ শুরু করে।

পরিদর্শক দল অগ্নি ও নিরাপত্তা ব্যাবস্থাসহ বিকল্প বহির্গমন পথের প্রশস্ততা, অগ্নিনির্বাপন যন্ত্রের সংখ্যা, হোসপাইপ, বালতি ও ড্রাম এবং অগ্নি নিরাপত্তা বিষয়ে গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়গুলো পর্যবেক্ষণ করে।

গার্মেন্টস কারখানাগুলোতে অব্যাহত দুর্ঘটনার কারণে দেশ ও দেশের বাইরে কারখানা মালিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষিতে বিজিএমইএ ওই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে।