২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব, মজুদের কারণে সিগারেটের মূল্য বৃদ্ধি

দাম বাড়ার গুজব ও পরিবেশকদের সরবরাহ হ্রাস পাওয়ায় বৃহস্পতিবার খুচরা বাজারে জন প্লেয়ার গোল্ড লিফসহ জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটি) পণ্য গোল্ড লিফ এবং বেনসন অ্যান্ড হেজেসের প্রতি সিগারেট বৃহস্পতিবার যথাক্রমে আড়াই টাকা ও সোয়া চার টাকা থেকে পাঁচ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর আগে গোল্ডলিফ দুই টাকা এবং বেনসন সিগারেট চার টাকায় বিক্রি  হয়েছে।

আগের দিন বুধবার প্রতিটি স্টার সিগারেট বিক্রি হয়েছে এক টাকায়, বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে সোয়া এক টাকা থেকে দেড় টাকায়।

সূত্র জানায়, দাম বৃদ্ধির গুজব ও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির নির্বাচিত কিছু পরিবেশকদের সরবরাহ উল্লেখযোগ্য হারে  হ্রাস পাওয়ায় খুচরা বাজারে জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএটি’র একজন কর্মকর্তা বলেন, আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। কিন্তু বিএটি সরবরাহও কমিয়ে দেয়নি অথবা দামও বাড়ায়নি।

তিনি বলেন, কোনো পরিবেশক কৃত্রিমভাবে সিগারেট মজুদ করে রাখছে কিনা তা জানতে বিএটি বিষয়টি খতিয়ে দেখছে।

রাজধানীর কারওয়ান বাজারে খুচরা সিগারেট বিক্রেতা জালাল বলেন, আমি নিয়মিতভাবে এক কার্টন গোল্ড লিফ সিগারেট বিক্রি  করে থাকলেও বৃহস্পতিবার পরিবেশকরা আমাকে মাত্র আধ কার্টন সিগারেট সরবরাহ করেছে।