পোশাক খাতে প্রতিযোগিতামূলক কৌশলের রোডম্যাপ চূড়ান্ত হচ্ছে ৩ মাসের মধ্যে
তৈরি পোশাক খাতের সংশ্লিষ্টরা তিন মাসের মধ্যে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক কৌশলের রোডম্যাপ চূড়ান্ত করতে সম্মত হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ঢাকায় মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ফোরাম (এমএফএ) আয়োজিত ‘বাংলাদেশে দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক টেক্সটাইল ও পোশাক শিল্প’ শীর্ষক দু’ব্যাপী সম্মেলনে এ নিয়ে আলোচনা হয়।
শিল্পের প্রতিযোগিতা ত্বরান্বিত করার জন্যে নেতৃস্থানীয় ভূমিকা রাখতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ন্যাশনাল সোশ্যাল কমপ্লায়ান্স ফোরামের (এনএসসিএফ) সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এটি শুরু করা হচ্ছে।
প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়ন, সামাজিক সংলাপের উন্নয়ন ও অবকাঠামোগত ইস্যুর ওপর প্রভাব সৃষ্টিকারী বাধ্যবাধতার বাইরের ইস্যুগুলো দেখার জন্যে এনএসসিএফ বিভিন্ন সেল গঠন করবে।
সম্মেলনে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা, বাধ্যবাধকতা অনুসরণ ও নৈতিক বিষয়গুলো নিয়ে প্রধানত আলোচনা করা হয়।
বাংলাদেশে এমএফএ ফোরামের সমন্বয়ক জোনাথন রোজ, ম্যাগি বার্নস, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মার্গারেট গুন ও আন্তর্জাতিক শ্রমিক ফেডারেশনের নেতা নীল কিরনি সম্মেলনের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন।
এমএফএ ফোরামের এলান রবার্টস বলেন, একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের জন্যে আমরা দেশের সকল ক্রেতার সাথে সাক্ষাৎ করেছি।
তিনি বলেন, দেশের সকল ক্রেতাকে এমএফএ ফোরামে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে।
