বাংলাবান্ধা সীমান্তে অবকাঠামোগত উন্নয়নে ভারতের প্রতি আহবান জানাবেন সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, ৩ থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র আসন্ন বৈঠকে বাংলাবান্ধা স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য তিনি ভারতের প্রতি আহ্বান জানাবেন।
ভারতীয় বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের সাথে অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের ক্রমাগত অনুরোধ সত্তেও ভারত তার অংশের অবকাঠামোগত উন্নয়ন করছে না’।
বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় কাস্টম হাইজের চিত্র তুলে ধরে সাইফুর বলেন, ‘হায়দারাবাদে অনুষ্ঠেয় এডিবি’র ৩৯ তম পরিচালনা পর্ষদের বৈঠকে আমি ভারতীয় কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরবো’।
সাইফুর বলেন, বন্দরের কার্যক্রম এই অঞ্চলের ব্যাবসা বাণিজ্য বৃদ্ধি করবে।
রপ্তানিভিত্তিক দেশের একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা ২০০৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর, মূলত নয়াদিল্লির সহযোগিতার অভাবে এখন পর্যন্ত পরিপূর্ণ কার্যক্রম চালানো সম্ভব হয়নি বলে সূত্র জানায়।
