২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর থেকে শীঘ্রই সব্জি-মাছ রপ্তানি করার সরকারি ব্যবস্থা নেয়া হচ্ছে

খুব শীঘ্রই যশোর থেকে উন্নতমানের শাকসব্জি ও মাছ দেশের বাইরে বাজারজাতকরণে সরকারি উদ্যোগে খুলনা বিভাগে এ ধরনের ব্যবস্থা এই প্রথম নেয়া হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:57 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ লক্ষে যশোরে একটি আধুনিক হিমাগার তৈরি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে সব্জি উৎপাদনের দিক থেকে যশোর অন্যতম। যশোরে একটি বিমানবন্দরও রয়েছে। এসব সুবিধাকে কাজে লাগিয়ে সরকার এ অঞ্চল থেকে দেশের বাইরে চাহিদা অনুযায়ী শাকসব্জিসহ মাছ বিমানযোগে বাইরে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এ লক্ষে যশোর সদরে হাশিমপুর, রামনগর, চূড়ামনকাঠি ও ঝুমঝুমপুর এই চারটি অঞ্চলে ৫০ হেক্টর করে মোট দু’শ হেক্টর জমির যাচাই বাছাই শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি,উদ্যান)’র সহায়তায় উন্নত প্রযুক্তির মাধ্যমে এসব এলাকায় শাকসব্জি ও মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সূত্র জানায়, যশোরের ঝুমঝুমপুর এলাকায় বিএডিসি কম্পাউন্ডে মে মাসে আধুনিক হিমাগার তৈরির স্থান নির্ধারণ করা হয়েছে।  ইতোমধ্যে দরপত্র আহ্বানসহ আনুসঙ্গিক অন্যান্য কাজও সম্পন্ন হয়েছে।

বিএডিসির একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, সংশ্লিষ্ট এলাকা থেকে ৫০ জন করে কৃষককে উন্নত চাষাবাদ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে এবং উন্নত বীজ সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, যশোরে বেসরকারি যে তিনটি কার্গোবিমানের মাধ্যমে বাগদা পোনা আনা হয় সেই ফিরতি বিমানে সব্জি ও মাছ পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে।

এছাড়া হিমাগার তৈরির পর সব্জি না ওঠা পর্যন্ত সেখানে মাছ সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।

আগামী ১৭ মে ঝুমঝুমপুরে বিএডিসির উদ্যোগে সব্জি-মাছ রপ্তানি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে।