২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চাল ওঠা শুরু করলেও দাম কমছে না, ডালের দামও বাড়ছেই

বাজারে নতুন চাল ওঠা শুরু করলেও দাম কমছে না। ডালের দামও গত চার/পাঁচ দিনে কেজি প্রতি দুই থেকে পাঁচ/ছয় টাকা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সরেজমিনে দেখা যায়, ইরি ও বোরো ধান কাটার মওসুম চলায় ইতোমধ্যে উত্তরাঞ্চল ও ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে প্রতিদিন প্রচুর নতুন চাল আসছে। অথচ বাজারে গত বছরের এ সময়ের তুলনায় বোরো ও ইরি চালের দাম এখনও মণ প্রতি ৩৫ থেকে ৪০ টাকা বেশি।

ঢাকার মোহাম্মদপুরের কৃষি বাজার ও কাওরান বাজার পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা চাল বস্তা প্রতি ৬৪৫--৬৫০ টাকা, বিআর--২৮ ৬৩০ টাকা, মিনিক্যাট ৮৮০--৯০০ টাকা এবং ভাল মানের নাজির শাল ৮৭০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে নতুন ধান ওঠার কারণে গত ১০ দিন ধরে দামের উর্ধ্বগতি আগের তুলনায় কিছুটা কমে আসছে বলে জানান ঢাকার বিভিন্ন বাজারে খুচরা চাল বিক্রেতারা। দামের ওপর নতুন চালের প্রভাব কম উল্লেখ করে তারা বলেন, খুচরা বাজারে স্বর্ণা ও পাইজাম চাল প্রতি কেজি ১৯--২০ টাকা, মিনিক্যাট ২৮--২৯ টাকা এবং নাজিরশাইল প্রকার ভেদে ২২--৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজারে মসুর ডালের দাম পাঁচ--ছয় টাকা বেড়ে প্রকারভেদে কেজি প্রতি ৫৬--৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বুটের ডালের দাম গত চার/পাঁচ দিন কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৮--৫০ টাকা। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৮-৭২ টাকায়।   

এ বছর বাজারে নতুন চাল ওঠার পরও দাম না কমার ব্যাপারে মোহাম্মদপুর কৃষি বাজারে মানিকগঞ্জ টের্ড্রাসের কালী দাস সাহা বলেন, ধানের উচ্চমূল্য থাকায় বাজারে চালের দাম না কমার আশঙ্কা করছেন পাইকাররা।

তিনি বলেন, গত দু’ মওসুম, অর্থাৎ বৈশাখ ও অগ্রাহয়ণে সরকার চাল সংগ্রহে কার্যত ব্যর্থ হওয়ায় এবার ব্যাপক চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ব্যাংক ঋণ সহজ হওয়ায় বেসরকারি মজুদ বেশি হতে পারে। ফলে বেসরকারি মজুদ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার ওপরই এবারের চালের দাম নির্ভর করবে।

এদিকে পাইকারি চাল বিক্রেতারা জানান, সরকার নতুন চাল সংগ্রহের দাম নির্ধারণ করেছে প্রতি কেজি প্রায় সাড়ে ১৫ টাকা। পাশাপাশি এ বছর অন্য বছরের তুলনায় তেল ও সারের বেশি দাম থাকায় উৎপাদন খরচ বেশি হয়েছে। ফলে কৃষকরাও অধিক দামেই ধান বিক্রি করতে চাইবে। 

অন্যদিকে কাওরান বাজারের ডাল বিক্রেতা জলিল বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়াই ডালের দাম বাড়ছে। একমাত্র সরকারই এটি নিয়ন্ত্রণ করতে পারে।