গার্মেন্টস কারখানাগুলোতে অগ্নিসচেতনতা বৃদ্ধি পেয়েছে: বিজিএমইএ’র দাবি
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অগ্নি নিরাপত্তা বিষয়ক তিন মাসব্যাপী ক্র্যাশ কর্মসূচির প্রথম মাসের পরিদর্শন শেষে তৈরি পোশাক উৎপাদকদের মধ্যে অগ্নিসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে।
১ এপ্রিল থেকে শুরু হওয়া ওই ক্র্যাশ কর্মসূচি চলাকালে দেশের ১০৩৫টি গার্মেন্টস কারখানা পরিদর্শন করা হয় এবং ২৭ এপ্রিল পর্যন্ত ৬৩৫টি করাখানায় অগ্নিমহড়া প্রশিক্ষণ দেওয়া হয়।
পরিদর্শন চলাকালে প্রথম বারের মত কোনো কারখানার মূল প্রবেশপথ বন্ধ পাওয়া গেলে ১০ হাজার টাকা জরিমানা, দ্বিতীয় বার একই অপরাধের জন্যে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকায় দাঁড়াবে এবং কোনো কারখানা যদি একই কাজ অব্যহত রাখে তাহলে বিজিএমইএ সংশ্লিষ্ট কারখানাকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেবে।
পরিদর্শনকৃত ১০৩৫টি কারখানার মধ্যে তিনটি কারখানার ‘অগ্নিনির্গমন পথ বন্ধ পাওয়া যায়। বিজিএমইএ পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হয়।
একই সময়ে অন্য তিনটি কারখানার সিঁড়িতে প্রতিবন্ধকতা পাওয়া যায়। ওই তিনটি কারখানাকে বিজিএমইএ’র পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে সতকর্তামূলক নোটিশ দেওয়া হয়। তবে পরিদর্শনের সময় কোনো কারখানার মূল প্রবেশপথ বন্ধ পাওয়া যায়নি।
১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল সময়ে চট্টগ্রামের ২৫৩টি কারখানা পরিদর্শন করা হয়। এর মধ্যে চারটি কারখানার অগ্নিনির্গমন পথ বন্ধ পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হয়। বিজিএমইএ নেতৃবৃন্দের বিশ্বাস ক্র্যাশ কর্মসূচির ফলে কারখানাগুলো বর্তমানে অগ্নিনির্গমন পথ খোলা রাখার বিষয়ে আরো অধিক সচেতন।
ঢাকায় বিজিএমইএ’র ১০টি এবং চট্রগ্রামে তিনটি পরিদর্শন দল বিজিএমইএ’র নিরাপত্তা, শ্রম ও কমপ্লিয়েন্স শাখার কর্মকর্তাদের সাথে নিয়ে ১ এপ্রিল থেকে সদস্য কারখানাগুলোতে পরিদর্শন কাজ শুরু করে।
পরিদর্শন দল জরুরী নির্গমন পথের প্রস্থ, অগ্নিনির্গমন পথের সংখ্যা, হোসপাইপ, বালতি ও ড্রাম এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণসহ অগ্নিকা- ও নিরাপত্তা ব্যাবস্থা পর্যবেক্ষন করেন।
