‘নিটওয়্যার পল্লী’ স্থাপনে তহবিল ও জায়গা বরাদ্দের দাবি জানিয়েছে বিকেএমইএ
বৃহৎ ও স্পর্শকাতর বায়ারদের দৃষ্টি আকর্ষণে আদমজী বা অন্য কোথাও ‘নীটওয়্যার পল্লী’ প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট তহবিল এবং জায়গা বরাদ্দের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে তৈরী পোশাক রপ্তানিকারকরা।
বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র প্রাক-বাজেট প্রস্তাবে, রপ্তানি নীতিমালা অনুযায়ী গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে বলা হয় ‘এটা পরিবেশ এবং অন্য নীতিমালার আলোকে কারখানা স্থাপনে বিপুল বিনিয়োগ নিশ্চিত করবে এবং বৃহৎ ও স্পর্শকাতর বায়ারদের আকর্ষণ করবে।
রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে এই খাতে কর অবকাশ সুবিধা দেওয়ার জন্যও সমিতি দাবি জানায়।
এর আগে দেওয়া একই সুবিধার কথা উল্লেখ করে বিকেএমইএ জানায়, এটা বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা করবে এবং ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানাগুলো কোটামুক্ত পরবর্তী সময়ের প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হবে।
এতে বলা হয়, ‘একই রকম প্রবৃদ্ধি বজায় রাখা ও অধিক কর্মক্ষেত্র সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণে ট্যাক্স হলিডে সুবিধা দেওয়া প্রয়োজন।
বিকেএমইএ পরবর্তী অর্থ বছরেও নগদ অর্থ ভর্তুকি সুবিধা বহাল রাখার দাবি জানায়। বর্তমানে রপ্তানিমুখী বস্ত্র খাতে পাঁচ ভাগ নগদ অর্থ ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এ বছরের ৩০ জুন এর মেয়াদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। মৌলিক যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ যে কোন সময় আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্যও তারা দাবি জানায়। বর্তমানে প্রতিষ্ঠানগুলো প্রতি দুই বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করতে পারে।
