গত অর্থবছরে মালামাল উঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর ২০০৪-- ০৫ অর্থবছরে মালামাল উঠানো ও নামানোর ক্ষেত্রে রেকর্ড স্থাপন করেছে। এ সময়ে চট্টগ্রাম বন্দরে মোট ২৭ দশমিক ৯৯৮ মিলিয়ন মে. টন মালামাল উঠানামা করানো হয়।
চট্টগ্রাম বন্দরের ১১৯ তম বন্দর দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান এএমএম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, একই সময়ে বন্দরে ৭ দশমিক ৪৬ লাখ টিইইউএস কন্টেনার এবং এক হাজার ৯১৬ জাহাজ হ্যান্ডল করা হয়।
তিনি বলেন, ওই দুই বছরে বন্দরের রাজস্ব আয় ১৫৬ দশমিক ৯১ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৩৩০ দশমিক ১৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ব্যয়ের পরিমাণ ৩৭৩ কোটি থেকে ৩১৯ দশমিক ৬৫ কোটি টাকায় নেমে এসেছে বলেও তিনি জানান।
এএমএম শাহাদাত হোসেনকে বন্দরের কথিত দুর্নীতি, নিউমুরিং কন্টেনার টার্মিনাল বিষয়ে জাহাজ চলাচল মন্ত্রী ও চট্টগ্রামের মেয়রের মধ্যকার বিবাদ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়গুলো এড়িয়ে গিয়ে বলেন, গত কয়েক বছর ধরে বন্দরে কোনও শ্রমিক অসন্তোষ নেই।
এমনকি গত কয়েক বছরে বন্দরের কার্যক্রম এক ঘণ্টার জন্যও ব্যাহত হয়নি বলে তিনি জানান। তবে এ সময়ে বন্দরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।
নির্মাণাধীন এনসিটি’র পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়টি সরকারের কৌশলগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে তিনি জানান।
সিপিএ চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানের সুযোগসুবিধা ও হ্যান্ডলিং ক্ষমতা বাড়ানোসহ বন্দরের উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ম্যারিন ড্রাইভ নির্মাণ ও সদরঘাট থেকে শাহ আমানত মাজার পর্যন্ত কর্ণফুলী নদী খনন, কম্পিউটারের মাধ্যমে বন্দরের কার্যক্রম নিয়ন্ত্রণ, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অরগ্যানাইজেশনের (আইএমও) নির্দেশনা অনুযায়ী আইএসপিএস কোড চালু করা।
সিপিএ চেয়ারম্যান বলেন, কন্টেনারের নিবন্ধনের কাজ আগে বিভিন্ন জায়গায় সম্পন্ন হত। এখন তা একটি জায়গা থেকে সম্পন্ন হচ্ছে।
সিপিএ’র বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম বন্দর বাণিজ্য সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্প, বন্দর দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং পানগাঁওয়ে নদী ভিত্তিক আইল্যান্ড কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প।
