২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে রপ্তানি ফ্যাক্টরিং পদ্ধতি সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে আদানযোগ্য বিলের বিপরীতে অর্থায়ন নিশ্চিত করতে রপ্তানি ফ্যাক্টরিংয়ের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ কথা জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এ ব্যবস্থার সূচনা করতে বাংলাদেশ ব্যাংক তার নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। দেশের রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পর কমিটি রপ্তানি ফ্যাক্টরিংয়ের ওপর নিয়মনীতি প্রণয়ন করবে।

বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, রপ্তানি ফ্যাক্টরিং পদ্ধতির সূচনা রপ্তানি আদানযোগ্য বিলের বিপরীতে তাৎক্ষণিকভাবে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে। এর ফলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং রপ্তানি বাবদ অর্থ পাওয়ার মধ্যকার সময়ের পার্থক্য হ্রাস পাবে।

কর্মকর্তাটি বলেন, ঋণপত্রের ওপর নির্ভরশীলতার কারণে রপ্তানি বাবদ অর্থ পেতে রপ্তানিকারকদের তিন মাসের মতো সময় অপেক্ষা করতে হয়। কিন্তু রপ্তানি ফ্যাক্টরিংয়ের কারণে আদায়যোগ্য বিলের বিপরীতে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পেতে রপ্তানিকারকদের সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আরও বলেন, ক্রেতাদের মধ্যে ক্রমবর্ধমান অগ্রাধিকারের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক ফ্যাক্টরিং পদ্ধতির প্রচলন করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইউরোপ ও আমেরিকায় আমাদের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে আমরা এ পদ্ধতির প্রচলন করবো। ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের বড় একটি অংশ লেনদেনভিত্তিক ফ্যাক্টরিংকে অগ্রাধিকার দিয়ে থাকে বলে তিনি জানান।

বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয় রপ্তানি ফ্যাক্টরিংয়ের মাধ্যমে। দিনে দিনে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান।

সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এখন পদ্ধতিটির খসড়া নিয়মনীতি প্রণয়নের কাজ করছে।

কর্মকর্তাটি বলেন, বিষয়টি নিয়ে আমরা ব্যাংকার, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাথে পরামর্শ করবো।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো যাতে কোনো ধরনের অতিরিক্ত জামানত ছাড়াই ঋণ পেতে পারে তার জন্য বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের জুনের মাঝামাঝি দিকে অভ্যন্তরীণ ফ্যাক্টরিং পদ্ধতি প্রচলন করে।