২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন অর্থমন্ত্রী

 অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্বাহী কমিটি বিরোধী জোটের সহিংস কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সাইফুর রহমান বলেন, আমরা একটি নির্বাচিত সরকার। আমরা কোন একনায়কতান্ত্রিক অথবা সামরিক সরকার নই। বিরোধী দলের হরতাল ও সংঘর্ষের মতো নৈরাজ্য সৃষ্টিকারী কর্মকা- প্রতিহত করতে সরকারের নির্বাহী কমিটি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ওপর পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

বৈঠকে বলা হয়, চলতি ২০০৫--২০০৬ অর্থবছরের জুলাই--ফেব্রুয়ারি সময়ে এডিপির বরাদ্দের ৩৭ শতাংশ ব্যয় করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপির বরাদ্দের ৪০ শতাংশ ব্যয় হয়েছিল বলে বৈঠকে জানানো হয়।

অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, গত আট মাসে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি হয়নি। কিন্তু এখন বিরোধী দলের নিয়মিত হরতাল ও অন্যান্য বিক্ষোভ কর্মসূচির ফলে এডিপির বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ে গড়া বিরোধী জোট তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনে সংস্কার এবং চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশি হত্যাকা-ের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালন করে। ২৩ এপ্রিল রোববারও বিরোধী জোট হরতাল আহ্বান করেছে।

অর্থমন্ত্রী বলেন, চিঠি আদানপ্রদানের মাধ্যমে যেখানে আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে এ ধরনের কর্মসূচি দেওয়া অর্থহীন।

এডিপি’র ব্যয় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গত আট মাসে ব্যয় দুই বিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে, যদিও গত বছরের তুলনায় তা কম।

তহবিলের পর্যাপ্ততা সম্পর্কে মন্ত্রী বলেন, বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণ ব্যয় করতে কোন মন্ত্রণালয় সমর্থ হলে তা আনুষ্ঠানিকভাবে জানাতে তার মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের অবহিত করতে আমরা মন্ত্রণালয়গুলোকে জানিয়েছি।

সরকারের পরিসংখ্যান মতে, কৃষি, স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা, জ্বালানি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ ২০টি মন্ত্রণালয় মোট এডিপির ৮১ শতাংশ ব্যয় করেছে।

মন্ত্রণালয়গুলো জুলাই--ফেব্রুয়ারি সময়ে বরাদ্দকৃত তহবিলের ৪৪ শতাংশ খরচ করেছে। গত বছর এ ব্যয়ের পরিমাণ ছিল ৪৫ শতাংশ।

সাইফুর রহমান ইঙ্গিত দিয়ে বলেন, আগামী অর্থবছরে চলতি অর্থবছরের তুলনায় এডিপি’র আকার কম হবে না। চলতি অর্থবছরে এডিপি’র পরিমাণ প্রাথমিকভাবে ২৪,৫০০ কোটি টাকা ধার্য করা হলেও পরবর্তীতে ১০ শতাংশ কর্তন করা হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।