২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সাফটার মন্ত্রী পর্যায়ের ১ম বৈঠক শুরু

চলতি বছরের জুলাই থেকে কার্যকর হতে যাওয়া দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য অঞ্চল সাফটা চুক্তি বাস্তবায়নের বিস্তারিত দিক নিয়ে সাফটা মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন মন্ত্রী পর্যায়ের বৈঠক সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিলের (এসএমসি) উদ্বোধন করেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহসচিব চেনকাই দরজি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভারতের বাণিজ্যমন্ত্রী জয়রান রমেশ, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী হুমায়ুন আখতার খান, শ্রীলঙ্কার ব্যবসা, বাণিজ্য ও গ্রাহক বিষয়ক উপমন্ত্রী এইচ আর মিলহরাপালা, মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মহানেদ জলিল, নেপালের শিল্প ও বাণিজ্য সচিব বদ্দিমাম তামাং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলতাফ হোসেন বলেন, অর্থনৈতিক একত্রীকরণের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ এশিয়া যে পিছিয়ে রয়েছে, তা আমরা অস্বীকার করতে পারি না।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক দশকেরও বেশি সময় আগে দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (সাপটা) স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। আর তাই আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটেনি।

তিনি বলেন, মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র চার শতাংশ হচ্ছে এ অঞ্চলের মোট বাণিজ্য।

মন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আরো বেশি শুল্ক হ্রাস ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যেই নিজেদের পণ্য ছড়িয়ে দেওয়ার আশায় একটি অবাধ বাণিজ্য অঞ্চল চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, কিন্তু সীমিত শুল্ক অথবা শুল্কমুক্ত সুবিধাই পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। বাণিজ্য চুক্তি যথাযথভাবে কার্যকর করতে অন্যান্য পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন রয়েছে।

মন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিকে সফলতায় রূপ দিতে হলে অশুল্ক বাধা  অপসারণ ও বাণিজ্য সুযোগ বুদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ বিষয়।

সার্কের মহাসচিব চেনকাই দরজি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার চেহারা পাল্টে দেওয়ার জন্য আমাদের আজকের (বৃহস্পতিবার) এ বৈঠক এক দীর্ঘ ভ্রমণের শুরু কেবল।

বুধবার অনুষ্ঠিত সাফটার বিশেষজ্ঞ কমিটির বৈঠকের কথা উল্লেখ করে চেনকাই দরজি বলেন, বিশেষজ্ঞ কমিটির বৈঠক সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিলকে কাজ করার সুযোগ করে দিয়েছে।

সার্কের মহাসচিব বলেন, সাফটা চুক্তির প্রথম ধাপ অনুযায়ী চলতি বছরের জুলাইয়ের মধ্যে শুল্ক বাধা হ্রাসের প্রথম পর্ব কার্যকর করার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিলকে পণ্যের স্পর্শকাতর তালিকা পর্যালোচনা করতে হবে এবং চুক্তির আওতাধীন বাণিজ্য উপযোগী আইটেমগুলোর অধিক প্রসার পাওয়া নিশ্চিত করতে উল্লেখিত আইটেমের সংখ্যা কমিয়ে আনতে হবে।

সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিল হচ্ছে সাফটার সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি। এ কমিটি সাফটা চুক্তির বাস্তবায়ন ও অন্যান্য দিকগুলো দেখাশুনা করবে।