২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি সম্মত

দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তির বিশেষজ্ঞ কমিটি মঙ্গলবার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একটি রোডম্যাপ প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

মঙ্গলবার ঢাকায় একটি বৈঠকে সাফটা বিশেষজ্ঞ কমিটি সাফটায় শুল্ক হ্রাসের ধারা প্রয়োগের ব্যাপার একটি নির্দিষ্ট সময়কাঠামো নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অশুল্ক ও প্রতিশুল্ক বাধার বিষয়টির সুরাহা করার জন্যে উপকমিটি গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব একেএম ফজলুর রহমান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলোর পরবর্তী সাত থেকে বার বছরের মধ্যে শুল্ক স্তর শূন্য থেকে পাঁচ শতাংশ কর্তন করার কথা রয়েছে। রোডম্যাপে শুল্ক বাধা দূরের পর্যায়গুলোর নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে।

বিশেষজ্ঞ কমিটির বৈঠকে একেএম ফজলুর রহমান বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ফজলুর রহমান বলেন, কয়েকদিনের মধ্যেই উপকমিটি গঠন করা হবে।

বিশেষজ্ঞ কমিটির বিধিমালা ও সাফটা মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এর পরপরই সাফটা কার্যকরী করার বিধিমালা চূড়ান্ত করার পাশাপাশি ২০০৫ সালের নভেম্বরে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সকল সদস্য দেশ কর্তৃক অনুমোদিত স্পর্শকাতর তালিকা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ কমিটির দু’দিনের বৈঠক অনুষ্ঠিত হবে।

সাফটা চুক্তি অনুযায়ী, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো উন্নয়নশীল দেশগুলোকে ২০১৩ সালের মধ্যে শুল্ক শূন্য থেকে পাঁচ শতাংশ কর্তন করতে হবে। আর বাকি চারটি স্বল্পোন্নত দেশ বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও ভুটানকে ২০১৮ সালের মধ্যে একই হারে শুল্ক কর্তন করতে হবে।

বাণিজ্য উপসচিব আরো বলেন, সাফটা বাস্তবায়নের ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সন্দেহ দূরীভূত করার জন্যে বিশেষজ্ঞ কমিটি এ বৈঠক থেকে শুল্ক কর্তনে বছরের পরিবর্তে নির্ধারিত তারিখ ধার্য করবে।

তিনি বলেন, শুল্ক হ্রাসের প্রথম ধাপ চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। আর দ্বিতীয় ও তৃতীয় ধাপটি সাফটা বিশেষজ্ঞ কমিটির রোডম্যাপে উল্লেখ করা হবে।

ফজলুর রহমান বলেন, প্রস্তাবিত উপকমিটি নিয়মিত বৈঠক করবে এবং অশুল্ক ও প্রতিশুল্ক বাধার অস্তিত্বের ব্যাপারে সাফটার বিশেষজ্ঞ কমিটির কাছে প্রতিবেদন প্রদান করবে।