২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যসেবার মান বাড়াচ্ছে বিজিএমইএ

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবার মান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বিজিএমইএ সহসভাপতি (অর্থ) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা রাজধানীর মীরপুরে একটি চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি।

গার্মেন্টস শ্রমিকদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে মীরপুর ও মালিবাগ চিকিৎসা কেন্দ্রে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধাও রাখা হচ্ছে।

বিজিএমইএ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত ‘গার্মেন্টস খাতে নারীর ক্ষমতায়ন, লৈঙ্গিক সমতা ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন’ শীর্ষক তৃতীয় প্রকল্পের কাজ ২০০৬ সালের মার্চে শুরু করে।

বিজিএমইএ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা প্রবীর কান্তি দাস বলেন, ইউএনএফপিএ ওই প্রকল্পের আওতায় চার কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেবে। ইউএনএফপিএ’র অর্থসহায়তায় আগের তিনটি স্বাস্থ্যকেন্দ্রের সাথে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত আরও একটি স্বাস্থ্যকেন্দ্র যুক্ত হচ্ছে।

ইউএনএফপিএ’র দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি নারী পুরুষ সমতা বিষয়ক কার্যক্রম, জনসংখ্যা ও এইচআইভি/এসটিডিসহ গার্মেন্টস খাতে কর্মরত নারীদের ক্ষমতায়নের বিষয়টিও থাকবে।

বিজিএমইএ ঢাকা ও চট্টগ্রামের ১০ টি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিমাসে মোট ২৫ লাখ টাকা ব্যয় করছে বলে শাহাদাত হোসেন জানান। বিজিএমইএর একটি ভ্রাম্যমাণ দল গার্মেন্টস শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ইউএনএফপিএ’র সহায়তায় বিজিএমইএ গার্মেন্টস শ্রমিকদের মানবাধিকার, লৈঙ্গিক সমতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

২০০৫ সালে বিজিএমইএ স্বাস্থ্যকেন্দ্র থেকে এক লাখ ৩৩ হাজার ৮০১ জন গার্মেন্টস শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে ৮০ শতাংশই নারী।

বর্তমানে বিজিএমইএ’র ভ্রাম্যমাণ দল এবং ঢাকা ও চট্টগ্রামের ১০ টি স্বাস্থ্যকেন্দ্রে ১৬ জন চিকিৎক, ১৬ জন নার্স ও ৪৫ জন্য স্বাস্থ্যকর্মী রয়েছে। ১৯৯৮ সাল থেকে ইউএনএফপিএ বিজিএমইএ’কে এ খাতে অর্থ ও কারিগরি সহায়তা প্রদান করছে।