পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি এসইসি’র আহ্বান
শেয়ার বাজারের দর পতনে ভীত হয়ে যে সকল ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন, তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে মঙ্গলবার এক বৈঠক শেষে এসইসি’র চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজার স্থিতিশীল রাখতে কিছুদিনের জন্যে আমরা তাদেরকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি, যেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের আত্মবিশ্বাস ফিরে পায়।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইডিএলসি, আরব--বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংকসহ ১০টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা বৈঠকে অংশ নেন।
আগে যেখানে শেয়ার বাজারের দর পতনের সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় অব্যাহত রাখতো, সেখানে গত কয়েক মাসে শেয়ার বাজারে নিয়মিতভাবে দরপতনের পরও শেয়ার ক্রয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিস্ক্রিয় থাকার কারণে এসইসি’র পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো। দরপতনের কারণে চলতি বছরের ৩০ মার্চ থেকে আজ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট অর্থ ১৪ দশমিক ৪৪ বিলিয়ন টাকা কমে গেছে।
ফারুক আহমেদ বলেন, তারা যদি ইতিবাচক ভূমিকা রাখে তাহলে বাজার আবার চাঙ্গা হয়ে উঠবে। এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে।
মঙ্গলবার ডিএসই’র সাধারণ মূল্য সূচক দাঁড়ায় ১৩৮৬ দশমিক ৯৮ পয়েন্টে, যা আগের দিন সোমবারের তুলনায় ২৭ দশমিক ৯৫ পয়েন্ট বা দুই দশমিক শূন্য আট শতাংশ বেশি। ডিএসই’র সকল শেয়ারের মূল্যসূচক সোমবারের চেয়ে ২০ দশমিক ২৩ পয়েন্ট বা এক দশমিক ৯৫ শতাংশ বেড়ে গিয়ে মঙ্গলবার দাঁড়ায় ১০৫৪ দশমিক ৩৪ পয়েন্টে।
এসইসি প্রধান বলেন, মুদ্রাবাজারে তারল্য সংকটের কারণে বাজারে সাময়িকভাবে ধস দেখা দিয়েছে। ব্যাংকিং খাতে সুদের হার বৃদ্ধি ও সঞ্চয় স্কিমে সুদের হার দেড় শতাংশ বৃদ্ধির ফলে বাজারে মন্দা ভাব দেখা দিয়েছে।
ফারুক আহমেদ সিদ্দিকী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুপারিশের কথা উল্লেখ করে বলেন, প্রয়োজন হলে সুপারিশগুলো বিবেচনা করতে আমরা সেগুলো সরকার ও বাংলাদেশ ব্যাংক বরাবর প্রেরণ করবো।
তিনি বলেন, বাজার সক্রিয় করতে এসইসি বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের নিজস্ব শেয়ার লেনদেন করতে দেওয়া হবে। আগে তাদেরকে নিজস্ব শেয়ার লেনদেন করার অনুমতি দেওয়া হতো না।
এ ব্যাপারে আইডিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, বৈদেশিক মুদ্রার সংকট ও আন্তঃব্যাংক কল মানির বাজারে তারল্য সংকটের ফলে পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দিয়েছে ও নিয়মিতভাবে দরপতন ঘটছে।
বৈঠকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আইপিও’র জন্যে আবেদনের ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট কোটা বরাদ্দ দিতে এসইসিকে অনুরোধ করেছে।
