২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা বৈঠকের প্রস্তুতি তদারকি করছে বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়ে সোমবার এক বৈঠকে দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তির বিশেষজ্ঞ কমিটি (সিওই) এবং বাণিজ্য মন্ত্রিদের পরিষদের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুুলুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ, হোটেল ও পরিবহন খাতের প্রতিনিধিরা।

সাফটাভুক্ত সাতটি দেশের বাণিজ্যমন্ত্রীরা কাউন্সিল বৈঠকে উপস্থিত থাকবেন। সদস্য দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

নবগঠিত সাফটা দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সাফটার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সাফটা চুক্তি কার্যকর হওয়া শুরু হয়েছে।

সাফটার বিশেষজ্ঞ কমিটি সদস্য দেশগুলোর মধ্যে পার্থক্য দূরীকরণে ঢাকায় মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠকে মিলিত হবে। পরবর্তীতে শুল্ক হ্রাস কাঠামোসহ সাফটা চুক্তি বাস্তবায়ন নিয়ে জটিল আলোচনা শুরু হবে। চুক্তি বাস্তবায়ন কার্যকর হবে চলতি বছরের জুলাই থেকে।

বিশেষজ্ঞ কমিটির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে বাণিজ্যমন্ত্রীদের কাউন্সিল আঞ্চলিক অবাধ বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্যে নিয়মনীতির ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।

সাফটা বিশেষজ্ঞ কমিটির বৈঠকে স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব একেএম ফজলুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সাফটা আওতাভূক্ত ও আওতাবহির্ভূত ইস্যুগুলোর পর্যালোচনা করা হবে। 

সূত্রটি জানায়, অশুল্ক ও প্রতিশুল্ক বাধাসহ অন্যান্য বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে যাতে করে সাফটা চুক্তি কার্যকর হয়।

বিশেষজ্ঞ কমিটির বৈঠকটি হবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফটা বাণিজ্য মন্ত্রীদের কাউন্সিল বৈঠকের প্রস্তুতিপর্ব। কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

কাউন্সিল বৈঠকের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী পাকিস্তান, ভারত ও মালদ্বীপের বাণিজ্যমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।