২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সংকট কাটাতে সোনালী ব্যাংককে বন্ড সরবরাহ করবে সরকার

রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) প্রায় সাড়ে ৫২ বিলিয়নের মতো টাকা ঋণ প্রদানের প্রেক্ষিতে রাষ্ট্রনিয়ন্ত্রিত অপর প্রতিষ্ঠান সোনালী ব্যাংক বর্তমানে যে অর্থ সংকটে পড়েছে, তা থেকে ব্যাংকটিকে উদ্ধার করতে সরকার বন্ড সরবরাহ করবে। সরকারি সূত্রে এ কথা জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ব্যাংক সূত্র জানায়, সরকার শিগগিরই সোনালী ব্যাংককে তিন বছর মেয়াদি ১০ বিলিয়ন টাকার বন্ড সরবরাহ করবে। বন্ডের সুদের হার হবে ৭ শতাংশ।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের স্ট্যাচুইটোরি লিকুইডিটি রিকোয়ারমেন্ট (এসএলআর) যোগাতে সোনালী ব্যাংক বন্ড ব্যবহার করতে পারবে।  এছাড়া তারা কেন্দ্রীয় ব্যাংকের সাথে পুনক্রয় চুক্তিতে (রেপো) অংশগ্রহণ করতে পারবে।

অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সোনালী ব্যাংককে বন্ড প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বাকি দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংককে বন্ড প্রদানের বিষয়টি এখনো ঝুলে রয়েছে। জনতা ও অগ্রণী ব্যাংক লিমিটেড বিপিসির কাছে যথাক্রমে ১৮ বিলিয়ন ও ১৫ বিলিয়ন টাকা পাবে বলে সূত্র জানিয়েছে।

সোনালী ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জ্বালানি তেল আমদানির বিপরীতে বিপিসি তার পাওনা পরিশোধ না করায় ২০০৫ সালের অক্টোবর থেকে সোনালী ব্যাংক তারল্য সংকটে ভুগছে।