২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে ২ বছরে ঘুষ দেওয়া হয়েছে ১৩৯ কোটি টাকা

বেনাপোল ও টেকনাফ স্থলবন্দরের কাস্টমস ও বন্দর কর্মকর্তারা কেবল ঘুষ হিসেবে আমদানি ও রফতানিকারকদের কাছ থেকে গত ২০০৩-- ০৪ এবং ২০০৪--০৫ অর্থবছরে ১৪২ কোটিরও বেশি টাকা আদায় করেছেন। এরমধ্যে কেবল বেনাপোল বন্দরেই ঘুষ দেওয়া হয়েছে ১৩৯ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৪ সালের জুলাই থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্লেষণমূলক জরিপ চালিয়ে এ তথ্য বের করে এনেছে।

জরিপে দেখা যায়, বেনাপোলে একজন আমদানিকারককে কাস্টমস কর্মকর্তাদের কমপক্ষে ১৯ জায়গায় এবং বন্দর কর্মকর্তাদের কমপক্ষে ১১ জায়গায় ঘুষ দিয়ে পার পেতে হয়।

জরিপে দেখা যায়, উল্লিখিত সময়ের মধ্যে প্রতি আমদানি চালানে গড়ে ১৭ হাজার ২০৩ টাকা করে ৮০ হাজার ৯৫৬ টি আমদানি চালান থেকে ঘুষ বাবদ বেনাপোলের কাস্টমস কর্মকর্তারা ৯৯ কোটি এবং বন্দর কর্মকর্তারা ৪০ কোটি টাকা আদায় করেন।

অন্যদিকে উল্লিখিত সময়ের মধ্যে প্রতি আমদানি চালানে গড়ে ৪ হাজার ৯২৭ টাকা করে ৪ হাজার ৯২৭ টি আমদানি চালান থেকে ঘুষ বাবদ টেকনাফ কাস্টমস কর্মকর্তারা ২ কোটি ৯০ লাখ এবং বন্দর কর্মকর্তারা ১৮ লাখ টাকা আদায় করেন।

টিআইবি ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যাপক মোজাফফর আহমেদ জাতীয় প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন। সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা (এআইসি) সৈয়দ রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

বর্তমান অবস্থার চেয়ে পণ্য খালাস করা পাঁচ থেকে ছয় ধাপে নামিয়ে আনলে বন্দরের দুর্নীতি অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের অতিরিক্ত টাকা প্রদানের কারণে আমদানি ও রপ্তানি ব্যয় অনেক বেড়ে যায়।

দুর্নীতি দমন কমিশনের উদ্ধিৃতি দিয়ে তিনি বলেন, কমিশনের কাছে  এ ব্যপারে যথেষ্ট তথ্য রয়েছে, কিন্তু তাদের তিনটি প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো হচ্ছে দুর্বল সাংগঠিক কাঠামো, বিধি ও কার্যপ্রণালি এবং বাজেটের সীমাবদ্ধতা। এতে করে তাদের পদক্ষেপ বাস্তবায়ন বাধাগ্রস্থ  হচ্ছে।

ইফতেখারুজ্জামান বলেন, বন্দরের আধুনিকায়ন করা হলে আমদানি ও রপ্তানিকারকদের যেসব সমস্যার শিকার হতে হয় সেসবের অনেক কিছুই সমাধান হয়ে যাবে।

টিআইবি বেনাপোল বন্দরকে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণার ব্যাপারেও প্রস্তাব রাখে।

বন্দরের আধুনিকায়ন এবং দুর্নীতি কমানোর লক্ষ্যে জরিপে বন্দরে আধুনিক যন্ত্রপাতি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, শেডগুলোর উন্নয়ন  এবং কর্মকর্তাদের ক্ষমতায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রাখা হয়।