জাতীয় ইস্যুতে নিজেদের মধ্যে পার্থক্য ঘোচাতে রাজনীতিবিদদের প্রতি আইসিসিবি’র আহ্বান
আন্তর্জাতিক বণিক সমিতি (আইসিসি) বাংলাদেশ শনিবার বলেছে, জ্বালানি তেলের উচ্চমূল্য, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংঘাতময় রাজনীতির মতো কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা জাতিকে এক জটিল ক্রান্তিকালের মুখে ফেলে দিয়েছে।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সমিতির বার্ষিক সভায় বলেন, বিরূপ আভ্যন্তরীণ ও বাহ্যিক কারণে জাতি এখন কঠিন সময় অতিবাহিত করছে। এ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের খুবই প্রয়োজন।
তিনি বলেন, আমরা বড় আশা করছি, আমাদের নেতৃবৃন্দ আমাদের হতাশ করবে না।
ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সভাপতি এমএ মোমেন, সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, কর্ণফুলী সার কোম্পানির (কাফকো) ব্যবস্থাপনা পরিচালক পিটার এ মে এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক আইসিসিবি’র বার্ষিক এ সম্মেলনে বক্তব্য রাখেন।
আইসিসিবি’র সহসভাপতি লতিফুর রহমান, স্যামসন এ চৌধুরী ও অন্যান্য নির্বাহী বোর্ড সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
মাহবুবুর রহমান বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অচলাবস্থার আরো অবনতি প্রতিরোধ করতে রাজনৈতিক দলগুলোর উচিৎ জাতীয় ইস্যুতে তাদের মধ্যকার পার্থক্য দূরীভূত করা।
আইসিসিবি’র বার্ষিক প্রতিবেদন ২০০৫ এ আইসিসিবি সভাপতি আরো বলেন, বৈদেশিক মুদ্রার মজুদ ও উচ্চ বিনিময় হারের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। এমনটি হলে জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের আমদানি খরচ আরো বেড়ে যাবে।
