২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ পর্যবেক্ষণ কমিটি ২১২টি কারখানা পরিদর্শন করেছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দশটি পর্যবেক্ষণ দল তিন মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় সপ্তাহে দেশের ২১২টি পোশাক কারখানা পরিদর্শন করেছে। পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধে বিজিএমইএ এ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সংশ্লিষ্ট সূত্র বলেছে, পোশাক কারখানার মালিকদের সচেতন করার জন্যে আমরা ক্র্যাশ প্রোগ্রাম সম্পর্কে সকল তথ্য প্রকাশ করতে চাই।

বিজিএমইএ সহসভাপতি শাহাদাত হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, জরুরি বহির্গমন দরজা তালাবন্ধ রাখার অপরাধে ৮ থেকে ১৩ এপ্রিল সময়ে বিজিএমইএ পর্যবেক্ষণ দল চারটি কারখানাকে জরিমানা করেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ক্র্যাশ প্রোগ্রাম শুধু পোশাক কারখানার মালিকদেরই নয়, এগুলোর মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা ইউনিটের সচেতনতা বৃদ্ধি করতে সমর্থ হয়েছে।

কর্মসূচির দ্বিতীয় সপ্তাহে পরির্দশনকালে পর্যবেক্ষকরা কোনো কারখানাকে প্রধান ফটক বন্ধ রাখতে দেখেননি।

১ থেকে ৭ এপ্রিল ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় সপ্তাহে বিজিএমইএ ২৩৯টি পোশাক কারখানা পরিদর্শন করে।

বিজিএমইএ’র পর্যবেক্ষণ দল ১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামের সদস্য কারখানাগুলো পরিদর্শন করে।

কর্মসূচির আওতায় প্রথম সপ্তাহে বিজিএমইএ ১৪৪টি পোশাক কারখানায় অগ্নিনির্বাপক মহড়া চালায়।

পর্যবেক্ষণ দল পোশাক কারখানার বিকল্প সিঁড়ির প্রশস্ততা, অগ্নিনির্বাপক যন্ত্রের সংখ্যা, হোসপাইপ, বালতি, ড্রাম এবং সংশ্লিষ্ট কারখানায় অগ্নি নিরাপত্তার ওপর প্রশিক্ষিত পোশাক শ্রমিকদের বিদ্যমান সংখ্যাসহ অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়াদি পর্যবেক্ষণ করেছে।

পরিদর্শনের সময় কারখানার প্রধান ফটক বন্ধ পাওয়া গেলে প্রথমবার ওই কারখানাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয়বার এমনটি ঘটলে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়ায় ৫০ হাজার টাকা। দ্বিতীয়বার জরিমানা করার পরও যদি কোনো কারখানা একই অপরাধ করতে থাকে, তাহলে বিজিএমইএ ওই কারখানাকে সব ধরনের সেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।