বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সিলেটে শিল্প পার্ক প্রতিষ্ঠায় বিবিসিসি’র গুরুত্বারোপ
বাংলাদেশ--ব্রিটিশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) সিলেটের সরাসরি বিদেশি বিনিয়োগ বিশেষ করে প্রবাসি সিলেটিদে বিনিয়োগ বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে সেখানে শিল্প পার্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
বিবিসিসি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিুজ (এফবিসিসিআই) মধ্যে এক মত বিনিময় সভায় বুধবার বিষয়টি আলোচিত হয়।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য খাত নির্ধারণ বিষয়ক এ সভায় বিবিসিসি’র ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর চেয়ারম্যান ড. ওয়ালী তসর উদ্দিন।
এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিবিসিসি’র মহাসচিব আজিজ-উর-রহমান, দক্ষিণ এশিয়ার কমনওয়েলথ বিসনেস কাউন্সিলের উপদেষ্টা আরিফ জামান, এমএলআইএম ট্রেড ম্যানেজমেন্ট শওকত আলী, এফবিসিসিআই পরিচালক আব্দুর রউফ চৌধুরী প্রমুখ।
এফবিসিসিআই নেতৃবৃন্দ বিবিসিসি, এফবিসিসিআই ও এসসিসিআই’র মধ্যে দীর্ঘ মেয়াদী অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন।
তসর উদ্দিন বলেন, “আমরা সিলেটের উন্নয়নমূলক কাজে বিনিয়োগে খুবই আগ্রহী”।
রউফ চৌধুরী বলেন, “বাংলাদেশে আমরা প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নয় বরং সামগ্রিকভাবে ভাবে বড় অংকের বিনিয়োগ করতে চাই”।
বিবিসিসি সূত্র জানায়, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও অন্যান্য ব্যাবসায়ী সংগঠনের সাথে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে কিনা তা দেখতেই প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিবিসিসি ব্রিটেনে বাংলাদেশী পণ্য তুলে ধরতে ‘এক্সপো বাংলাদেশ ২০০৫’ নামে লন্ডনে একদেশীয় বাণিজ্য মেলার আয়োজন করে।
