খরার কারণে চলতি মৌসুমে ২৫ শতাংশ চা উৎপাদন ঘাটতির আশঙ্কা
দীর্ঘ পাঁচ মাস ধরে অবিরাম খরার কারণে চা শিল্প চলতি মৌসুমে গভীর সংকটের মধ্যে পড়েছে। ফলে এবারের উৎপাদন এক-চতুর্থাংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
চা বিশেষজ্ঞরা জানান, বিগত সাত বছরের মধ্যে চা শিল্প এমন তীব্র খরার সম্মুখিন হয়নি।
এর ফলে চলতি মৌসুমে ২৫ শতাংশ চা উৎপাদন ঘাটতির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান, চা’র স্বাভাবিক উৎপাদনের জন্য নভেম্বর ও ডিসেম্বরে দুইশ’ মিলিমিটার এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কমপক্ষে ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন।
কিন্তু দেশের পাঁচটি ভ্যালীতে কোনও বৃষ্টি হয়নি। অনাবৃষ্টির প্রভাব দেশের সব চা-এলাকায় পড়লেও বৃহত্তর সিলেটের বালিশিরা, মনু-দলই, লস্করপুর, জুড়ি ও চট্টগ্রাম টি ভ্যালীর বাগানগুলোতে এর প্রভাব সর্বাধিক।
এসব অঞ্চলের চা বাগানে জমির আদ্রতা অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে চা গাছের পানি ধারণ ক্ষমতা ‘উইলটিং পয়েন্টে’ নেমে গেছে। ছায়াবৃক্ষের অভাবে অনাবৃত চা গাছের সবুজ পাতা প্রখর রোদের তাপে পুড়ে যাচ্ছে। এর ফলে চা পাতার সাথে চা গাছও মরে যাচ্ছে।
চা গাছের ‘ছাটাই চক্র’ বর্তমানে ৩ বছরের পরিবর্তে ৪ বছর বৃদ্ধি করার ফলে চা শিল্প ধ্বংসের মুখোমুখি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
চা বাগানীরা জানান, এপ্রিলের মধ্যে লক্ষ্যমাত্রার ১০ শতাংশ চা উৎপাদন হয়ে থাকে। কিন্তু চলতি মৌসুমে খরার কারণে এখন পর্যন্ত চা পাতা ‘চয়ন’ শুরু ও প্রক্রিয়াজাতকরণ শুরু করা যায়নি।
৬০ দশকের,শেষার্ধে, ৭০ দশকের শুরুতে এবং ৯০ দশকের শেষদিকে অনুরূপ খরায় চা শিল্পে বিপর্যয় দেখা দেয়।
কিন্তু অনুকুল আবহাওয়া ও সুষম বৃষ্টিপাত হওয়ায় গত মৌসুমে দেশে রেকর্ড পরিমাণ ৬০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়।
