২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি সামগ্রীর অব্যাহত মূল্যবৃদ্ধিতে ২০ শতাংশ উৎপাদন কমতে যাচ্ছে

পোল্ট্রি সামগ্রী বিশেষ করে একদিন বয়সী মুরগির বাচ্চা, বড় মুরগি (প্যারেন্ট স্টকস) ও পোল্ট্রি খাবারের মূল্যবৃদ্ধির ফলে চলতি বছরে দেশের পোল্ট্রি শিল্পের উৎপাদন কমতে শুরু করেছে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা ও বিশেষজ্ঞরা এ দাবী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

অনেক ছোট খামার মালিকরা অভিযোগ করে বলেছেন, উৎপাদন পর্যায়ে একদিন বয়সী মুরগির বাচ্চার দাম গত দুই মাসে ৩৮ শতাংশের বেশি বেড়েছে। আর পোল্ট্রি খাবারের মতো অন্যান্য সামগ্রীর দাম ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার পর্যবেক্ষকরা বলেছেন, মুরগির বাচ্চা সরবরাহের ঘাটতি ও ছোট খামারে বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের পোল্ট্রি শিল্পের উৎপাদনশীলতা ইতোমধ্যে ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

পশুসম্পদ দপ্তরের মহাপরিচালক ড. সালাউদ্দিন মাহমুদ পোল্ট্রি শিল্পের উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ২০০৫ সালে স্থানীয় খামারগুলো ১২ লাখ একদিনের মুরগির বাচ্চা উৎপাদন করেছে ও ১৩ লাখ মুরগির বাচ্চা আমদানি করেছে।

তিনি বলেন, চলতি বছরে স্থানীয় উৎপাদনকারীদের উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার কমাতে সরকার গত কয়েক মাসে ৪৭টি দেশ থেকে মুরগির বাচ্চা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি বাধাগ্রস্ত হয়েছে।

শুধু মুরগির বাচ্চা নয়, পোল্ট্রি সামগ্রীর মূল্যবৃদ্ধির জন্যে তিনি মধ্যসত্ত্বভোগী এজেন্ট ও আড়তদারদের দায়ী করেছেন। 

তবে পশুসম্পদ দপ্তরের মহাপরিচালক বলেছেন, উৎপাদনকারীরা আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মুরগির বাচ্চার দাম বৃদ্ধি না করার প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু তারা ওই প্রতিশ্র“তি রক্ষা করেননি।

বাংলাদেশ পশু স্বাস্থ্য কোম্পানি সমিতির সভাপতি ড. এমএম খান বলেন, সরকার ২০টি ইউরোপীয় ও এশীয় দেশ থেকে পোল্ট্রি আমদানি স্থগিত করেছে। বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার (ওআইই) নিয়ম নীতির ক্ষেত্রে এটা এক ধরনের লঙ্ঘন। এর ফলে প্যারেন্ট স্টক ও ওষুধের মতো অন্যান্য পোল্ট্রি সামগ্রী সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বিশেষজ্ঞ এমএম খান বলেন, একমাত্র ভারতের মাধ্যমেই বাংলাদেশে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব ঘটতে পারে। মরণাতি এ ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার জন্যে এ রুটের ওপর মনোযোগ দিয়ে সরকারের উচিত হবে বিশেষ ব্যবস্থা নেয়া।

দেশের অন্যতম পোল্ট্রি খামার প্যারাগনের মালিক আনোয়ার হোসেন শাহীন বলেন, সরবরাহ বৃদ্ধি পেলে দ্’ুমাসের মধ্যে মুরগির বাচ্চার দাম পড়ে যাবে।

তিনি বলেন, অন্যতম প্রধান সরবরাহকারী কাজী ফার্মের সাথে সামঞ্জস্য রেখে আমরা একদিন বয়সী মুরগির বাচ্চার দাম নির্ধারণ করেছি।

গাজীপুরের ছোট্ট একটি খামারের মালিক জাকির হোসেন বলেন, এ খাতের বৃহৎ পাঁচ বিনিয়োগকারী পোল্ট্রি সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করে থাকে। অতিরিক্ত মুনাফা আদায় করতে বার্ড ফ্লুর নামে আতঙ্ক সৃষ্টি করে উৎপাদন বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, পোল্ট্রি সামগ্রীর দাম কমিয়ে আনতে একচেটিয়া বাজার ব্যবস্থা ভেঙ্গে ফেলতে সরকারের কোনো বাজার তদারকি নেই।

 দাম নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পশু সম্পদ দপ্তরের মহাপরিচালক বলেন, পোল্ট্রি সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নেয়ার মতো বৈধ ক্ষমতা আমাদের নেই।

বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমিতি (বিপিআইএ) ও অন্যান্য শিল্প পুরো পোল্ট্রি খাতে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর সাথে ৫০ লাখ লোকের জীবিকা জড়িত। এ খাতে বার্ষিক আয় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার।