২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী পণ্য আমদানির সম্ভাব্যতা যাচাই করতে কোরীয় আমদানিকারকরা এখন ঢাকায়

কোরীয় আমদানিকারক সমিতির (কোইমা) উচ্চক্ষমতাসম্পন্ন ২১ সদস্যবিশিষ্ট একটি ক্রয় প্রতিনিধি দল বাংলাদেশী পণ্য আমদানির সম্ভাব্যতা যাচাই করতে তিনদিনের সফরে এখন রাজধানী ঢাকায় অবস্থান করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

কোইমা সভাপতি সুন হ্যান কেওনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় পৌঁছায়। বুধবার তারা বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে স্থানীয় একটি হোটেলে বৈঠক করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০০ সাল থেকে অগ্রাধিকার বাণিজ্য ব্যবস্থার আওতায় কোরিয়া বাংলাদেশকে যে আংশিক শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে, বাংলাদেশ পুরোপুরিভাবে তার সদ্ব্যবহার করতে পারেনি। 

আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি কোরিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ‘ক্রয় বৈঠক বা বায়িং মিটিং’ নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় ত্বরান্বিত করবে।

বৈঠকে ৭০ জনের মতো বাংলাদেশী রপ্তানিকারক, ঢাকাভিত্তিক কোরিয়ার আট বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, বাণিজ্য সচিব আব্দুল করিম, বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত শিয়ং উং পার্ক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহসভাপতি মীর শাহাবুদ্দিন মোহাম্মদ বক্তব্য রাখেন।

মীর নাসির হোসেন বলেন, অন্যান্য দেশের রপ্তানিকারকরা তাদের পণ্য বিক্রি করার জন্য বাংলাদেশ সফর করেন এটা আমরা দেখে এসেছি। কিন্তু কোরীয় আমদানি প্রতিনিধিরা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন পণ্য আমদানির ব্যবস্থা করতে।

কোরিয়ার প্রতিনিধি দলের সদস্যরা এসেছেন বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আর তারা সবাই শীর্ষ কর্মকর্তা। পণ্য আমদানিতে তাদের আগ্রহের তালিকায় রয়েছে ভবন নির্মাণ উপকরণ, এলুমিনিয়াম ধাতু, তৈরি পোশাক (জ্যাকেট, প্যান্ট ও কোট), চামড়া পণ্য, প্রসাধনী, গহনা, পশুচামড়া, চাল, গুড়, গোলমরিচ, হিমায়িত মাছ ও সবজি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে কোরীয় দূতাবাসের সহযোগিতায় কোইমা প্রতিনিধি দলের সফরের আয়োজন করেছে।

২০০৪--‘০৫ অর্থবছরে বাংলাদেশ কোরিয়ায় ৪২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং সে দেশ থেকে ৪২৫ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।