বাংলাদেশে যৌথ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশীয় ব্যবসায়ীরা
মালয়েশিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দ সোমবার ইস্পাত, কৃষি যন্ত্রাংশ ও মোটরসাইকেল ব্যাটারিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে যৌথ উদ্যোগে শিল্প ইউনিট স্থাপনের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাথে সোমবার বৈঠকে অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার (এসিসিআইএম) মহাসচিব সুং সিইউ হুং বলেন, ইস্পাত, পেইন্ট ও কৃষি যন্ত্রপাতির মতো বিভিন্ন খাতে যৌথ উদ্যোগে প্রকল্প ইউনিট স্থাপনের ব্যাপারে আমরা আগ্রহী।
মালয়েশিয়ার নয় সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য সুং বলেন, তারা কৃষি পণ্য, মাছ, কাঁকড়া ও ইস্পাতের কাঁচামাল আমদানি এবং পামঅয়েল--যন্ত্রপাতি, ইস্পাত শিল্পের পণ্য, স্টোরেজ ও প্যাকিং উপাদান এবং ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রপ্তানি করতে আগ্রহী।
বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, সরকার বিদেশী বিনিয়োগকারীদের বিভিন্ন প্যাকেজ প্রদান করছে। বাংলাদেশে বিনিয়োগ করার জন্যে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, খনি, সৌরশক্তি ও গ্যাসভিত্তিক শিল্প, হাঁসমুরগি ও দুগ্ধখামার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, চিংড়ি, হ্যাচারি, বৈদ্যুতিক ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক, প্রকৌশল শিল্প এবং ফার্মাসিউটিক্যালস শিল্প খাতে আমরা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চাই।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সাম্প্রতিক বাধা অপসারণ করা হলে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসতে পারে।
বাংলাদেশ মালয়েশিয়ায় গৃহশিল্প, নিটওয়্যার, আয়রন চেইন, পাটদ্রব্য, চিংড়ি, ওভেন পোশাক রপ্তানি করে থাকে। পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়া থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ প্রাণী অথবা ভেজিটেবল ফ্যাট, টেক্সটাইল আর্টিকেল্স, যন্ত্রপাতি আমদানি করে থাকে।
২০০৫-২০০৬ অর্থবছরের জুলাই--ডিসেম্বর সময়ে বাংলাদেশে মালয়েশিয়ার বাণিজ্য উদ্বৃত্তি ১৫৭ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার।
