২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানির সুদের হার হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন, কলমানির সুদের হার আকস্মিক বেড়ে যাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। গত সপ্তাহে কলমানির সুদের ১৫০ শতাংশ বেড়ে রেকর্ড সৃষ্টি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যান্য দেশের বাজারে কলমানির রেট বেড়ে যাওয়ার অভিজ্ঞতা এর আগেই প্রত্যক্ষ করেছে। বাংলাদেশে এটি এই প্রথম ঘটল। লন্ডনে কলমানির রেট ১০০০ শতাংশ পর্যন্তও বেড়েছে বলে তিনি জানান।

তিনি কিছু নতুন ব্যাংককে এ ঘটনার জন্যে দায়ী করেন। তিনি তাদের ‘দুঃসাহসী ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।

তিনি ব্যাংকগুলোর তারল্য সংকটের ফলে বাজারে এ অবস্থা সৃষ্টির হয়েছে বলে জানান। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের পেট্রোলিয়াম আমদানি বিলের জন্যে প্রচুর অর্থ ব্যয় এজন্যে কিছুটা দায়ী বলে তিনি উল্লেখ করেন।

পরে সাইফুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সাথে এ ব্যাপারে আলোচনা করেন।

গত বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংক একটি লিজিং কোম্পানিকে ১৫০ শতাংশ হারে ঋণ প্রদান করে। সেদিন অন্য বেরসকারি ব্যাংকগুলোর সুদের হার ছিল ১০০ শতাংশ।