২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফু¬ প্রতিরোধে বেক্সিমকো ফার্মার সচেতনতা কর্মসূচী

দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সোমবার মানব দেহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু প্রতিরোধে ব্যপক সচেতনতা সৃষ্টি কর্মসুচী গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এ কর্মসূচীর অংশ হিসেবে বেক্সিমকো ফার্মা সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে বার্ড ফ্লু প্রতিরোধ ও নিরাময়ের ওষুধ ওসিফ্লু (ওসিলটামিভির ৭৫ মি.গ্রা.) দান করে।

বার্ড ফ্লুর বিরুদ্ধে বেক্সিমকো ফার্মার এই গণসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো বার্ড ফ্লুর প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও প্রতিরোধক ব্যবস্থা সম্বলিত বাংলা ও ইংরেজী ভাষায় রঙ্গীন পোস্টার, সংবাদ পত্রে বিজ্ঞাপন ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার।

বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমূল হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডঃ খন্দকার মোশারফ হোসেনের কাছে বেক্সিমকো ফার্মার নতুন ওষুধ ওসিফ্লু হস্তান্তর করেন।

প্রসঙ্গত গত ২২ মার্চ ২০০৬ বেক্সিমকো ফার্মা মানব শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিরাময়ের জন্যে কার্যকর ওসিফ্লু ক্যাপসুল বাজারজাত করে।

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এস এম শফিউজ্জামান উপস্থিত ছিলেন। 

পার্শ্ববর্তী দেশসমূহে বার্ড ফ্লু মহামারী আকারে বিস্তৃত হওয়ায় বাংলাদেশ সরকারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জারের বিরুদ্ধে প্রস্তুতি হিসেবে বেক্সিমকো ফার্মা ওসিফ্লু ক্যাপসুল দান করে সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর এই মহামারী মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা এই ওষুধ দান কর্মসূচী সম্পর্কে বলেন যদিও বাংলাদেশে এখন পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়নি কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত ও মায়ানমারে এই রোগের ব্যাপক  বিস্তৃতির কারণে বাংলাদেশেও এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে।

বেক্সিমকো ফার্মা এই সংক্রামক মরণব্যাধি প্রতিরোধে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংগঠনের সাথে একযোগে কাজ করতে চায়।

ওসিফ্লুর কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, ৭৫ মি. গ্রা. ওসিল্টামিভির-এর সমন্বয়ে তৈরি ক্যাপসুলটি মহামারী আকারে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এছাড়া এটি রোগের লক্ষণসমূহের তীব্রতা ও স্থায়িত্ব কমানোর পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে সৃষ্ট জটিলতাও হ্রাস করে এবং মৃত্যুর হার কমায়। ওসিল্টামিভির ব্যবহার নিরাপদ এবং এর কার্যকারিতার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইনফ্লুয়েঞ্জার মহামারী আকারে প্রসারণ হ্রাস করতে এই ওষুধ অনুমোদন করে।

সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর অংশ হিসেবে বেক্সিমকো ফার্মা ইতিমধ্যেই চিকিৎসকদের বার্ড ফ্লু সংক্রান্ত সকল ধরণের তথ্য প্রদানের জন্য বার্ড ফ্লু হটলাইন চালু করেছে যা দিন রাত খোলা থাকবে।

তিনি আরো বলেন দৈনন্দিন জীবনে কিছু সাধারণ নিয়মাবলী অনুসরনের মাধ্যমে এই বার্ড ফ্লু এড়ানো যায়। যেমন- হাঁস - মুরগী এবং ডিম পর্যাপ্ত তাপে (৭০ ডিগ্রী সে.) সিদ্ধ করে খাওয়া, হিমায়িত করার আগে হাঁস - মুরগী এবং ডিম ধোয়া, হাত, বাসন কোসন ইত্যাদি ভাল ভাবে সাবান ও গরম পানিতে ধোয়া, হাঁস মুরগীর খামার থেকে বাচ্চাদের দূরে রাখা ইত্যাদি। বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখাদিলেও ভীত না হয়ে ৪৮ ঘন্টার ভিতর চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং উপযুক্ত ওষুধ সেবন করতে হবে।

বেক্সিমকো ফার্ম প্রতিটি ওসিফ্ল’র দাম নির্ধারণ করেছে ১২৬ টাকা (এক দশমিক আট মার্কিন ডলার) যা বর্তমান বিশ্বে সবচে’ কম।