আদমজীর ঋণ পরিশোধ ও দায়দায়িত্ব বহনের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার
বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের বিপুল পরিমান ঋণ পরিশোধ এবং প্রতিষ্ঠানটির দায়দায়িত্ব বহনের ব্যাপারে সরকার এখনো কোন সিদ্ধান্তে পৌঁঁছাতে পারেনি। সরকারি সূত্রে এ কথা জানা যায়।
পাট মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পাট মন্ত্রণালয় তিনটি বৈঠকের পর চারটি রাষ্ট্রায়ত বাণিজ্যিক ব্যাংকের পাওনা প্রায় চারশ’ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা এবং সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠানটির দায়দায়িত্ব বহনের বিষয়ে সিদ্ধান্তের জন্য আদমজীর ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সূত্র জানায়, ঋণ পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর চাপ প্রদান করার প্রেক্ষিতে পাট মন্ত্রণালয় বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ আদায় করার উপায় খুঁজে বের করতে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কাছ থেকে টাকা নিয়ে সরকার বিপুল পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারে।
