রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে অর্থমন্ত্রীর সন্দেহ
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা সে ব্যাপারে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বুধবার সন্দেহ প্রকাশ করেছেন। এ জন্যে তিনি কর্মকর্তাদের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বুধবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহে আছে। চলতি অর্থবছরের দুই--তৃতীয়াংশ সময়ে লক্ষ্যমাত্রার মাত্র ৫৭ শতাংশ রাজস্ব আদায় হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা ও রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করতে তিনি ১৫ দিনের মধ্যে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে আবার বৈঠকে বসবেন বলে অর্থমন্ত্রী জানান।
এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী, বোর্ড ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এনবিআর সূত্র জানায়, ২০০৫--২০০৬ অর্থবছরের জুলাই--ফেব্র“য়ারি সময়ে কর রাজস্ব হিসেবে ১৯,৮০৬ দশমিক ৮৭ কোটি টাকা আদায় হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৩৫,৬৫২ কোটি টাকা।
আদায়কৃত মোট অর্থের ৭,৩২৩ কোটি টাকা এসেছে মূল্য সংযোজন কর (ভ্যান) থেকে। এছাড়া শুল্ক কর থেকে ৪,৯৫৩ কোটি, আয়কর থেকে ২,৩৩০ কোটি ও অন্যান্য উৎস থেকে ৪,২৯৯ কোটি টাকা আদায় হয়েছে।
তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের জুলাই--ফেব্র“য়ারি সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ২ শতাংশ বেশি অর্থ আদায় হয়েছে।
অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, রেস্টুরেন্ট, মোবাইল ফোন অপারেটর ও অন্যান্য উদ্যোক্তারা ব্যবসা করছে। কিন্তু তারা ভ্যাট দিতে সবচে কম আগ্রহী।
তিনি বলেন, ডেপুটি, যুগ্ম অথবা অতিরিক্ত কমিশনাররা যদি রাজস্ব আদায় নিয়মিতভাবে পর্যালোচনা ও পরীক্ষা করেন তাহলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
বৈঠকে অর্থমন্ত্রী রাজস্ব আদায়ে ব্যর্থতার জন্য ভ্যাট কর্মকর্তাদের তিরস্কার করেছেন বলে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে।
সাইফুর রহমান বলেন, কম্পিউরাইজড পদ্ধতির অনুপস্থিতি ও শুধু নগদ অর্থ গ্রহণের ব্যবস্থা থাকার মতো সীমাবদ্ধতাগুলো থাকা সত্ত্বেও রাজস্ব আদায়ে আমরা অগ্রগতি অর্জন করছি।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজস্ব পরিশোধের ব্যবস্থা করা হলে কর আদায় বৃদ্ধি পাবে।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও তেলের মূল্যবৃদ্ধির কারণে কর রাজস্ব আদায় কমে গেছে।
এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী বলেন, ভ্যাট সংগ্রহ বৃদ্ধি করতে আমরা দ্বারেদ্বারে গিয়ে রাজস্ব আদায় করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, শুল্ক ও আমদানি কমে যাওয়ায় শুল্ক খাত থেকে রাজস্ব প্রত্যাশিত মাত্রায় আদায় হয়নি।
