২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরডিআই - সিপিডি বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেবে

ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)- পারস্পরিক সহযোগিতায় বিদ্যমান বিশ্ব বাণিজ্য ইস্যুসমূহ এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অর্থনৈতিক সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ইউরোপীয়ান কমিশনের অর্থায়নে চলমান ‘ওপেন ফ্লো অফ ইনফো অন ট্রেড  এন্ড ইকোনমি (ওফাইট) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রকল্প বাস্তবায়নের জন্যে সিপিডি ও এমআরডিআই সম্প্রতি একটি স্মারক চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, সিপিডি এমআরডিআই-কে প্রকল্প পরিচালনায় কারিগরি সহায়তা দেবে এবং সেই সাথে এর প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি সেশনগুলোর মডিউল প্রণয়ন এবং বিষয়বস্তু ও উপকরণ প্রস্তুত করবে। সিপিডি-র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য হবেন প্রকল্পটির মেন্টর এবং এর মডিউল প্রণয়ন টিমের নেতৃত্ব দেবেন ড. মোস্তাফিজুর রহমান।

অর্থনৈতিক সাংবাদিক গড়ে তুলতে এমআরডিআই প্রকল্পটি হাতে নিয়েছে। ওই সাংবাদিকরা আন্তর্জাতিক বাণিজ্য বিধি সম্পর্কে ওয়াকিবহাল হবেন এবং সেই সাথে ইউরোপীয়ান ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যের রীতিনীতি সম্পর্কেও তাদের স্বচ্ছ ধারণা থাকবে।

প্রকল্পটির আওতায় ঢাকায় দু’সপ্তাহের দু’টি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কোর্স আয়োজিত হবে। জুলাইয়ে শুরু হবে একটি বুনিয়াদি প্রশিক্ষণ এবং তারপর সেপ্টেম্বরে একটি অগ্রসর প্রশিক্ষণ।

এছাড়াও, এমআরডিআই বিভাগীয় সদরগুলোতে সাংবাদিকদের জন্যে বিশেষ অ্যাডভোকেসি সেশনও আয়োজন করবে।

সিপিডির বিশেষজ্ঞরা, খ্যাতিমান অর্থনীতিবিদ এবং ব্যবসা, বাণিজ্য ও গণমাধ্যম বিশেষজ্ঞরা প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে থাকবেন।

এছাড়া জেনেভায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থার উন্নয়ন দপ্তরের কাউন্সিলর হ্যান্স - পিটার ওয়ার্নার এবং জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম- এর প্রশিক্ষক এলক্ পিকার্জ প্রশিক্ষণ দেবেন।